দেশে সংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থানের প্রকৃত চিত্র নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, গত ৯ মাস ধরে কর্মসংস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করছে না এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। ২০২৫ সালের অক্টোবরের পর থেকে নতুন কতজন কর্মী ইপিএফের আওতায় এলেন, সেই মাসিক ‘পে-রোল ডেটা’ আর প্রকাশ্যে আসেনি।
সাধারণভাবে ইপিএফও-র এই তথ্য থেকেই সংগঠিত ক্ষেত্রে নতুন চাকরির প্রবণতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কারণ, মাসমাইনের চাকরিতে যুক্ত অধিকাংশ কর্মীই ভবিষ্যনিধি (পিএফ)-এর সুবিধার আওতায় থাকেন। ফলে এই পরিসংখ্যান দীর্ঘদিন প্রকাশ না হওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকার নিয়মিত মাসভিত্তিক বেকারত্বের হার প্রকাশ করে চলেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে দেশে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৫.৫ শতাংশ, যা আগের কয়েক মাসের তুলনায় বেশি। তবে অর্থনীতিবিদদের একাংশের দাবি, ভারতে বেকারত্ব নির্ধারণের পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। তাঁদের মতে, সপ্তাহে অল্প সময়ের জন্যও পারিশ্রমিকের বিনিময়ে কাজ করলে সরকারি হিসাব অনুযায়ী তাঁকে আর বেকার হিসেবে ধরা হয় না। ফলে প্রকৃত কর্মসংস্থানের চিত্র অনেক সময় এই পরিসংখ্যানে প্রতিফলিত হয় না।
উল্লেখ্য, ইপিএফও-র প্রকাশিত শেষ পে-রোল তথ্য ছিল ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের। তখন প্রায় ২১.০৪ লক্ষ নতুন কর্মী পিএফের আওতায় এসেছিলেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫.৫৫ শতাংশ বেশি ছিল। এরপর থেকে আর কোনও হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, ২০২৫ সালের আগস্টে চালু হওয়া ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’-কে ঘিরেও আলোচনা শুরু হয়েছে। ইপিএফও-র কিছু প্রাক্তন ও বর্তমান কর্তাব্যক্তির দাবি, এই প্রকল্পের কর্মসংস্থান সংক্রান্ত প্রভাবকে আলাদাভাবে তুলে ধরার কৌশলের অংশ হিসেবেই পে-রোল তথ্য প্রকাশে বিলম্ব করা হতে পারে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে কোনও সরকারি ব্যাখ্যা বা মন্তব্য এখনও সামনে আসেনি।
দীর্ঘ সময় ধরে সংগঠিত চাকরির তথ্য প্রকাশ না হওয়ায় কর্মসংস্থানের বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করা কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। সরকারের তরফে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা এবং হালনাগাদ তথ্য প্রকাশের দাবি ক্রমশ জোরালো হচ্ছে।







