বাংলায় লিওনেল মেসির সফরকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার গুরুত্বপূর্ণ আইনি অগ্রগতি। শতদ্রু দত্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের একক বেঞ্চ জানিয়ে দেয়, বিধাননগর আদালতে বিচারাধীন এই মামলার শুনানি আগামী এক মাসের মধ্যে শেষ করে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে। একই সঙ্গে এই বিষয়ে হাইকোর্টে দায়ের হওয়া আবেদনও নিষ্পত্তি করা হয়েছে।
কেন হাইকোর্টে গিয়েছিলেন শতদ্রু দত্ত?
২০২৫ সালের ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত লিওনেল মেসিকে ঘিরে অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। সেই ঘটনার জেরে দীর্ঘদিন আইনি সমস্যায় জড়িয়ে পড়েন শতদ্রু দত্ত। এমনকি তাঁকে ৩৮ দিন কারাবাসও করতে হয়েছিল।
পরে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে বিধাননগর আদালতে আবেদন করে পুলিশ। কিন্তু মামলার শুনানি দীর্ঘদিন ধরে চলতে থাকায় দ্রুত নিষ্পত্তির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শতদ্রু। সেই আবেদনের ভিত্তিতেই উচ্চ আদালত নিম্ন আদালতকে এক মাসের মধ্যে মামলার নিষ্পত্তির নির্দেশ দিয়েছে।
অরূপ বিশ্বাসকে ঘিরেও তদন্ত জোরদার
রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর এই মামলায় নতুন মাত্রা যোগ হয়। জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় কোটি টাকার আর্থিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে এফআইআর দায়ের করেন শতদ্রু দত্ত।
তদন্তের স্বার্থে ইতিমধ্যেই পাঁচবার নোটিশ পাঠিয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। যদিও প্রথম তিনবার হাজিরা এড়িয়ে যান অরূপ বিশ্বাস, পরে দু’বার থানায় উপস্থিত হয়ে তদন্তে সহযোগিতা করেন।
রাজনৈতিক ও ক্রীড়া মহলের একাংশের মতে, একদিকে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ, অন্যদিকে শতদ্রু দত্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত আইনি প্রক্রিয়া— দুই বিষয়ই এখন একই বিতর্কের অংশ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে হাইকোর্টের এক মাসের সময়সীমা বেঁধে দেওয়ার নির্দেশে শতদ্রুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধান হতে পারে বলেই মনে করা হচ্ছে।







