“বিকাশও হবে, ঐতিহ্যও বাঁচবে”— ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ রাজ্যের, রথযাত্রা থেকে তারকেশ্বর— একাধিক ঘোষণায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্ন থেকে রাজ্যের সমস্ত জেলাশাসক, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটির প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেন তিনি। বৈঠকে রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ-সহ বিভিন্ন আধ্যাত্মিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের পাশাপাশি দেশের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াও সরকারের অন্যতম দায়িত্ব।
রথযাত্রায় প্রথমবার সরাসরি সরকারি উদ্যোগ
মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ শুধু একসময় দেশের সাংস্কৃতিক রাজধানীই ছিল না, এই ভূমি শ্রীশ্রী রামকৃষ্ণদেব, শ্রীচৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, মা সারদামণি এবং রানি রাসমণির মতো মহান ব্যক্তিত্বদের কর্মভূমি। কোচবিহার থেকে কাকদ্বীপ এবং দার্জিলিং থেকে দিঘা— রাজ্যের বিভিন্ন প্রান্তে শতাব্দীপ্রাচীন রথযাত্রার ঐতিহ্য আজও সমানভাবে মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে।
এই ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে এবার প্রথমবারের মতো রথযাত্রা উপলক্ষে সক্রিয়ভাবে অংশ নেবে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী দুটি বড় ঘোষণা করেন।
৭৫টি সেবাকেন্দ্র:
রাজ্যের ৭৫টি ঐতিহ্যবাহী রথযাত্রা মেলা প্রাঙ্গণে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে বিশেষ সরকারি সেবাকেন্দ্র চালু করা হবে। পুরসভা ও জেলা প্রশাসনের সহযোগিতায় সেখানে পুণ্যার্থীদের জন্য প্রয়োজনীয় নাগরিক পরিষেবার ব্যবস্থা থাকবে।
৬০টি রথযাত্রা কমিটিকে আর্থিক সহায়তা:
প্রাথমিকভাবে দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, এই অর্থ মূলত কাঠের তৈরি প্রাচীন রথগুলির সংরক্ষণ ও সংস্কারের কাজে ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। ভবিষ্যতে আরও বেশি কমিটিকে এই প্রকল্পের আওতায় আনার কথাও জানান তিনি। তাঁর কথায়, “আজ যে উদ্যোগের সূচনা হল, আগামী দিনে সেটাই বৃহত্তর রূপ নেবে।”
‘তীর্থক্ষেত্র সার্কিট’-এ ১,০০০ কোটি টাকার পরিকল্পনা
ধর্মীয় পর্যটন এবং প্রাচীন মন্দিরগুলির উন্নয়নে এ বছরের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মুর্শিদাবাদের কিরীটেশ্বরী মন্দির-সহ রাজ্যের একাধিক ঐতিহাসিক ও হেরিটেজ মন্দিরের সংস্কারের জন্য ‘তীর্থক্ষেত্র সার্কিট’ নামে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী দুই বছরে এই প্রকল্পের মাধ্যমে বিস্তৃত উন্নয়নের কাজ হবে এবং চলতি অর্থবর্ষে প্রাথমিকভাবে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
একইসঙ্গে বিভিন্ন ধর্মীয় ও সেবামূলক প্রতিষ্ঠানের উন্নয়নেও সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে।
* ভারত সেবাশ্রম সংঘ: সংঘ পরিচালিত হাসপাতালগুলিকে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে।
* রামকৃষ্ণ মিশন: মিশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কৃষি শিক্ষাকেন্দ্রগুলির উন্নয়নের জন্য সরকারের কাছে পাঠানো প্রস্তাবগুলি গ্রহণ করা হয়েছে।
* স্বামী বিবেকানন্দের জন্মভিটে: কলকাতার শিমলা স্ট্রিটে অবস্থিত স্বামী বিবেকানন্দের জন্মস্থান সংরক্ষণের জন্য ৫ কোটি টাকার বিশেষ করপাস ফান্ড দেওয়ার ঘোষণা করা হয়েছে।
শ্রাবণী মেলায় জলযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা
আসন্ন শ্রাবণ মাসে শিবভক্ত ও জলযাত্রীদের সুবিধার্থে বিশেষ পরিষেবার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জলপাইগুড়ির জল্পেশ মন্দির, ভুটান সীমান্তের জয়ন্তী এবং তারকেশ্বর ধাম— এই তিনটি তীর্থস্থানকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে।
তারকেশ্বর ধামের উন্নয়নে ইতিমধ্যেই প্রায় ১৫ কোটি টাকার কাজ চলছে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার পথজুড়ে প্রতি ৫ কিলোমিটার অন্তর অস্থায়ী সরকারি শিবির তৈরি করা হবে। সেখানে বিশ্রামের ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, ওআরএস এবং জরুরি চিকিৎসার জন্য মেডিক্যাল ক্যাম্প থাকবে।
সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হিসেবে মুখ্যমন্ত্রী জানান, আবহাওয়া অনুকূল থাকলে শ্রাবণ মাসের প্রতি সোমবার তারকেশ্বরগামী জলযাত্রীদের উপর রাজ্য সরকারের হেলিকপ্টার থেকে ফুল বর্ষণ করা হবে।
বৈঠকের শেষে নিজের আগামী কর্মসূচির কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী ১৪ তারিখ তিনি নিজে তারকেশ্বর ধামে উপস্থিত থাকবেন এবং ১৬ তারিখ ইসকনের আমন্ত্রণে কলকাতার ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে যোগ দেবেন।







