বাঁকুড়া: সরকারের পর সরকার বদলেছে, কিন্তু বদলায়নি রাস্তার পরিস্থিতি। দীর্ঘ ১৫ বছর ধরে বেহাল রাস্তার সমস্যায় ভুগে অবশেষে নিজেদের উদ্যোগেই রাস্তা সংস্কারের কাজে নামলেন বাঁকুড়ার জঙ্গলমহলের খেড়িয়াশায় গ্রামের বাসিন্দারা।
বাঁকুড়া জেলার রানিবাঁধ ব্লকের আদিবাসী অধ্যুষিত খেড়িয়াশায় গ্রামে প্রায় ৭০টি পরিবারের বসবাস। গ্রামের প্রবেশপথ রাজাকাটা শিবমন্দির থেকে খেড়িয়াশায় পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। বিশেষ করে বর্ষার সময় কাদা ও গর্তে ভরে যায় এই রাস্তা। ফলে প্রতিদিন স্কুলে যাতায়াত করা পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষকে চরম সমস্যার মুখে পড়তে হয়।
গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা সংস্কারের দাবিতে বহুবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও স্থায়ী কোনও সমাধান হয়নি। এমনকি গ্রামের কেউ অসুস্থ হলে অ্যাম্বুল্যান্স বা অন্য কোনও যানবাহন ঢুকতে চায় না বলেও দাবি তাঁদের।
পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে এবার নিজেরাই উদ্যোগ নিলেন গ্রামবাসীরা। কোদাল, ঝুড়ি এবং বোল্ডার নিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন তাঁরা।
এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, রাস্তা পাকা করার জন্য প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু কিছু সমস্যার কারণে কাজ আটকে যায়। অন্যদিকে, দীর্ঘদিন ধরে রাস্তার কাজ না হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।
রানিবাঁধের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু গ্রামবাসীদের সমস্যার কথা স্বীকার করে দ্রুত রাস্তার কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন।
তবে ১৫ বছর অপেক্ষার পর গ্রামবাসীদের এই স্বেচ্ছাশ্রমের উদ্যোগ ফের সামনে এনে দিল গ্রামীণ পরিকাঠামোর বাস্তব চিত্র।







