বেশ কিছুদিন আগে কপিল শর্মার ক্যাফেতে গুলির বৃষ্টি, এরপরেই বলিউড অভিনেত্রী দিশা পাটনির বাড়িতে গুলির বৃষ্টি। আতঙ্কে রয়েছেন অভিনেত্রী সহ তাঁর পরিবার। শুক্রবার এই ভয়াবহ ঘটনা ঘটে উত্তরপ্রদেশের বরেলিতে। সূত্রের খবর, ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালানো হয়।
গত ২৯ জুলাই দিশা পাটানির বোন, অবসরপ্রাপ্ত মেজর খুশবু পাটানি প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে নিয়ে একটি মন্তব্য করেন। এবং সেই কারণেই শুক্রবার ভোরে দিশা পাটনির বাড়িতে হামলা চালানো হয়। কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বাইকে এসে বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। যদিও কেউ আহত বা নিহত হননি। পরবর্তিতে হামলার পর কুখ্যাত গোল্ডি ব্রার গ্যাংয়ের সদস্য রোহিত গোদারা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে হামলার দায় স্বীকার করেন, এবং হুমকি দেন যে এরপরের বার সন্তদের অপমান করলে, তার ফল ভালো হবেনা।
এদিকে এসএসপি অনুরাগ আর্য জানান,“এই হামলাকে মোটেই হালকাভাবে দেখা হচ্ছে না। দিশার বাবা তথা প্রাক্তন ডেপুটি এসপির বাড়িতে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। অপরাধীদের পাকড়াও করতে এসপি সিটি এবং এসপি ক্রাইমের নেতৃত্বে পাঁচটি দল গঠন করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সিসিটিভি ফুটেজ। শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করা হবে”







