নবান্নে কেন্দ্র-রাজ্য বৈঠক, বাংলার উন্নয়নে একাধিক প্রকল্পে আশ্বাস শিবরাজের
নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, ১২৫ দিনের কর্মসংস্থান-সহ একাধিক উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, প্রাণিসম্পদ উন্নয়ন, প্রায় ৮০ লক্ষ মহিলাকে ঘিরে বিভিন্ন কর্মসূচি এবং কৃষিক্ষেত্রের উন্নয়ন নিয়েও বিস্তৃত আলোচনা হয়েছে। বিশেষভাবে দার্জিলিং, পুরুলিয়া ও ঝাড়গ্রামের কৃষি সম্ভাবনা এবং উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার জন্য বরাদ্দ হয়েছে ১ হাজার কোটি টাকা, যার মাধ্যমে প্রায় ২,৪০০ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ হবে। উদ্যানপালন, ফুলচাষ, পানচাষ-সহ বিভিন্ন কৃষিভিত্তিক উদ্যোগকে আরও উৎসাহ দেওয়া হচ্ছে। প্রান্তিক মানুষের আয় বৃদ্ধির লক্ষ্যেই সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। পাশাপাশি বাংলায় ১২৫ দিনের কর্মসূচির জন্য ২ কোটি ৫৬ লক্ষ মানুষের নাম চিহ্নিত করা হয়েছে।”
বৈঠক শেষে পশ্চিমবঙ্গের নতুন সরকারের কাজের প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আগের রাজ্য সরকারের সময় কেন্দ্রের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ছিল না। এখন সেই পরিস্থিতি বদলেছে। ফলে পশ্চিমবঙ্গের উন্নয়ন আরও দ্রুত হবে। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের ক্ষমতায়নে কেন্দ্র সহযোগিতা করবে। আবাস যোজনার সুবিধা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে প্রথম পর্যায়ে ১ লক্ষ বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নে কেন্দ্র সব ধরনের সহায়তা করবে।”







