বলিউড তারকা শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরী খানের স্বপ্নের ঠিকানা ‘মন্নত’-এর সংস্কার ও সম্প্রসারণের পথে বড় আইনি বাধা দূর হল। এই ঐতিহ্যবাহী বাংলোর সংস্কারকাজের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে পরিকল্পনা অনুযায়ী ‘মন্নত’-এ পরিবর্তন আনা এবং নতুন করে আরও দুটি আবাসিক তলা নির্মাণের ক্ষেত্রে আর কোনও আইনি জটিলতা রইল না।
এই মামলায় অভিযোগ করা হয়েছিল, উপকূলীয় পরিবেশ সংক্রান্ত নিয়ম ভেঙে ‘মন্নত’-এর সংস্কারের জন্য কোস্টাল রেগুলেশন জোন (সিআরজেড) ছাড়পত্র দেওয়া হয়েছে। মুম্বইয়ের সমাজকর্মী সন্তোষ দৌন্দকর এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন। এর আগে তিনি জাতীয় পরিবেশ আদালত (এনজিটি)-তেও একই আবেদন করেছিলেন। তবে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এনজিটি সেই আবেদন খারিজ করে দেয়। এরপর সুপ্রিম কোর্টে আপিল করা হলে মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনের বেঞ্চ সেই আবেদনও খারিজ করে দেয়। একই সঙ্গে এনজিটির রায় বহাল রাখার পাশাপাশি আবেদনকারীর উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত।
সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ না করায় ‘মন্নত’-এর সংস্কারের জন্য পাওয়া সিআরজেড অনুমোদন বহাল থাকল। ফলে শাহরুখ ও গৌরী খান তাঁদের পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাংলোটির সম্প্রসারণের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন।
মুম্বইয়ের বান্দ্রায় সমুদ্রের ধারে অবস্থিত ‘মন্নত’ শুধু শাহরুখ খানের বাসভবনই নয়, তাঁর অসংখ্য ভক্তের কাছে এক আবেগের প্রতীক। প্রতিবছর শাহরুখের জন্মদিনে হাজার হাজার অনুরাগী এই বাংলোর সামনে জড়ো হন। সেই সময় বারান্দায় এসে ভক্তদের উদ্দেশে কিং খানের হাত নাড়ার মুহূর্ত দেখতে মুখিয়ে থাকেন সবাই।
অন্যদিকে, অভিনয়ের জগতে শাহরুখ খানকে খুব শিগগিরই পরিচালক সিদ্ধার্থ আনন্দের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে।







