রাজনীতি

পরপর এফআইআর, আইনি সুরক্ষা চেয়ে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ২২ জুলাই ফের শুনানি

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক এফআইআরকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে। সম্ভাব্য গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করে তিনি আদালতের দ্বারস্থ হয়ে সুরক্ষার আবেদন জানিয়েছেন।

বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী গোপাল শংকরনারায়ণ দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে প্রতিনিয়ত নতুন নতুন এফআইআর দায়ের হচ্ছে। আদালতে তিনি বলেন, কোন কোন থানায় কতগুলি মামলা হয়েছে, সেই পূর্ণাঙ্গ তথ্য এখনও তাঁদের কাছে নেই। তাই রাজ্যের ডিজিপিকে সমস্ত এফআইআরের বিস্তারিত তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়।

শুনানির পর বিচারপতি অবিলম্বে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেননি। তবে রাজ্য সরকারকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলার তথ্য-সহ রিপোর্ট পেশ করার নির্দেশ দেন। আগামী ২২ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, নির্ধারিত দিনে আদালতে রিপোর্ট জমা দেওয়া হবে।

এদিকে একই দিনে ডিজে হুমকি মামলায় বিধাননগর এসিজেএম আদালতে সিআইডির সামনে কণ্ঠস্বরের নমুনা দিতে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল, বারবার নির্দেশ অমান্য করলে তাঁর আইনি সুরক্ষা প্রত্যাহারের বিষয়টিও বিবেচনা করা হতে পারে। সেই প্রেক্ষিতেই তিনি আদালতের নির্দেশ মেনে কণ্ঠস্বরের নমুনা দেন।

আইনগত জটিলতা বাড়তে থাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। এখন নজর ২২ জুলাইয়ের শুনানির দিকে, যেখানে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলার পূর্ণাঙ্গ তথ্য আদালতের সামনে তুলে ধরবে রাজ্য সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.