তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। গত জুন মাসেই তিনি ইমেলের মাধ্যমে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে সংসদের নিয়ম অনুযায়ী ইমেলে পাঠানো ইস্তফাপত্র গ্রহণ করা সম্ভব নয় বলে তাঁকে জানানো হয়। অবশেষে বুধবার দিল্লিতে স্বশরীরে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী তথা প্রযোজক নিশপাল সিং।
গত ৬ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন কোয়েল। দায়িত্ব গ্রহণের পর সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, বাংলার মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়ে তিনি গর্বিত। সংবাদমাধ্যমের সামনেও দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। নির্বাচনী প্রচারেও তাঁকে সক্রিয়ভাবে দেখা গিয়েছিল। তবে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে তিনি রাজনৈতিকভাবে প্রায় নীরব ছিলেন। এরপর ১১ জুন ইমেলের মাধ্যমে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেও, বিদেশে থাকায় তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ইস্তফা দিতে পারেননি। দেশে ফিরে বুধবার সেই প্রক্রিয়া সম্পূর্ণ করেন।
সূত্রের দাবি, পদত্যাগপত্র জমা দেওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র কুমার যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন কোয়েল মল্লিক। তাঁর এই পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্যসংখ্যা ১৩ থেকে কমে ৯-এ নেমে এসেছে। এর আগে সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব রাজ্যসভার সদস্যপদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
রাজনৈতিক মহলের নজর কেড়েছে আরও একটি বিষয়। রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর একদিনও অধিবেশনে অংশ না নিয়েই পদত্যাগ করলেন কোয়েল, যা বিরল ঘটনা। নিয়ম অনুযায়ী চেয়ারম্যানের সামনে উপস্থিত হয়ে স্বেচ্ছায় পদত্যাগের বিষয়টি জানানো বাধ্যতামূলক হওয়ায় তাঁকে সরাসরি উপস্থিত হয়ে ইস্তফা দিতে হয়েছে।
তবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে। এর আগে সুখেন্দু শেখর রায়ও পদত্যাগের পর ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। একইভাবে সুস্মিতা দেব পদত্যাগের পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেন। বর্তমানে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক—তিনজনই বিজেপির সঙ্গে যুক্ত। ফলে কোয়েলের সাম্প্রতিক পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে—তিনিও কি একই পথে হাঁটতে চলেছেন? বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে।







