ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর বাড়ির সামনে গভীর রাতে বাইকে করে এসে হুমকি দেওয়ার অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিধায়কের দাবি, কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে বারবার বাইক নিয়ে ঘোরাফেরা করে বোমা ও গুলি চালানোর হুমকি দেয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। ঘটনার পর টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ৬ জনকে আটক করেছে।
কৌস্তভ বাগচীর অভিযোগ, ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত। তিনি দাবি করেন, বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যাকাণ্ডের তদন্তের দাবি তোলার পর থেকেই তাঁকে লক্ষ্য করে চাপ তৈরি করা হচ্ছে। তাঁর কথায়, এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি ব্যারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাসের নাম উল্লেখ করে অভিযোগ তুলেছেন যে, তৃণমূলের কিছু নেতা বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন এবং সেই প্রক্রিয়ায় তিনি বাধা হয়ে দাঁড়ানোয় তাঁকে ভয় দেখানোর চেষ্টা চলছে।
বিধায়ক আরও জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তাঁর দাবি, পরিবারের সদস্যদের আতঙ্কিত করতেই দুষ্কৃতীরা বাড়ির সামনে এসে একাধিকবার বাইক নিয়ে ঘোরাফেরা করে এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনার সিসিটিভি ফুটেজও তিনি প্রকাশ করেছেন। সেখানে একটি বাইকে তিন ব্যক্তিকে বিধায়কের বাড়ির সামনে বারবার যাতায়াত করতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।







