বাংলাদেশে ফেরার ইঙ্গিত দিয়ে বড় রাজনৈতিক বার্তা দিলেন আওয়ামী লিগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল এক দলীয় সভায় তিনি ঘোষণা করেছেন, আগামী ডিসেম্বর দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। একইসঙ্গে যাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে, সেই আওয়ামী লিগের প্রায় সাড়ে ১২ লক্ষ নেতাকর্মীকেও নিজ নিজ এলাকার আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।
শেখ হাসিনার দাবি, এখনও পর্যন্ত আওয়ামী লিগের প্রায় সাড়ে চার লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি আরও প্রায় ১২ লক্ষ অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে মামলা রয়েছে, যেখানে পরবর্তীতে দলের কর্মীদের নাম যুক্ত করা হতে পারে বলেও তাঁর অভিযোগ। তিনি বলেন, আইনের মুখোমুখি হতে তিনি প্রস্তুত এবং প্রয়োজনে দেশের মাটিতেই মৃত্যুবরণ করবেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে হাসিনা বর্তমান সরকারের কড়া সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলা ও গ্রেফতারের পথ বেছে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কারাবাস তাঁকে ভীত করে না। অতীতেও একাধিকবার কারাগারে যেতে হয়েছে, তবুও তিনি দেশের জন্য লড়াই চালিয়ে গেছেন।
সভায় উপস্থিত আওয়ামী লিগের নেতারাও শেখ হাসিনার প্রত্যাবর্তনকে “ঐতিহাসিক ঘটনা” বলে উল্লেখ করেন। তাঁদের দাবি, এটি শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে।
১৬ জুলাই শেখ হাসিনার কারাবন্দি দিবস এবং গোপালগঞ্জে নিহত আওয়ামী লিগ কর্মীদের স্মরণে আয়োজিত ওই ভার্চুয়াল সভার শেষে নেতাকর্মীরা “আপা, দেখা হবে দেশে” স্লোগান দেন। জবাবে শেখ হাসিনা বলেন, “অবশ্যই দেখা হবে। আমরা দেশে ফিরব, সংগ্রাম করব। প্রয়োজনে দেশের মাটিতেই জীবন দেব।”
অন্যদিকে, শেখ হাসিনার এই ঘোষণার পর বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে না। দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে বলে সরকারের অবস্থান।







