মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের আবহে ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে আপাতত নতুন করে কোনও ভারতীয় নাবিককে নিয়োগ না করার নির্দেশ দিয়েছে জাহাজ-পরিবহন অধিদপ্তর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় একের পর এক জাহাজে হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত তিন দিনের মধ্যে ওই অঞ্চলে হামলার ঘটনায় দু’জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরই কেন্দ্র পরিস্থিতি পর্যালোচনা করে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
নির্দেশিকায় জাহাজ মালিক, পরিচালনাকারী সংস্থা এবং নাবিক নিয়োগকারী প্রতিষ্ঠানগুলিকে স্পষ্টভাবে জানানো হয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমকারী কোনও জাহাজে নতুন করে ভারতীয় নাবিক নিয়োগ করা যাবে না। একই সঙ্গে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী ও আশপাশের জলসীমায় চলাচলকারী জাহাজের অধিনায়কদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সব ধরনের সতর্কবার্তার উপর নিয়মিত নজর রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
এদিকে, ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে, ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়ার দাবি, হরমুজ প্রণালীর পশ্চিম প্রান্তে এখনও ১৫ হাজারেরও বেশি ভারতীয় নাবিক বিভিন্ন জাহাজে আটকে রয়েছেন। তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ শুরু হয়েছে।
উল্লেখ্য, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ নাবিক সরবরাহকারী দেশ। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাণিজ্যিক জাহাজে তিন লক্ষেরও বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। তাই হরমুজ প্রণালী ঘিরে অস্থির পরিস্থিতি ভারতীয় সামুদ্রিক খাতের জন্যও গুরুত্বপূর্ণ উদ্বেগের কারণ হয়ে উঠেছে।







