আর মাত্র একদিনের অপেক্ষা। তারপরই পর্দা নামবে প্রায় দেড় মাসের ফুটবল মহোৎসবের। তবে ফাইনালের আগেই বড় ঘোষণা করেছে ফিফা। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের জন্য থাকছে এক অভিনব সম্মান। এবার ট্রফি ও পদকের পাশাপাশি বিজয়ী দলের প্রত্যেক সদস্যকে উপহার দেওয়া হবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং।
আগামীকাল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। সেই মহারণের আগে ফিফা জানিয়েছে, বিশ্বচ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যকে একটি বিশেষ নকশার আংটি দেওয়া হবে। এতদিন বিশ্বকাপজয়ীরা ট্রফি ও পদক পেলেও, এবারই প্রথম সেই তালিকায় যুক্ত হচ্ছে এই স্মারক আংটি।
ফিফার তথ্য অনুযায়ী, আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি এবং অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের নিজস্ব প্রতীক। বিশ্বকাপ উপলক্ষে মোট ২০২৬টি আংটি তৈরি করা হয়েছে। এর মধ্যে ৩০টি সংরক্ষিত থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও সদস্যদের জন্য। বাকি ১৯৯৬টি আংটি সংগ্রহ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমে কোচ ও অধিনায়কের হাতে এই বিশেষ আংটি তুলে দেওয়া হবে। পরে দলের অন্যান্য সদস্যদেরও তা প্রদান করা হবে।
স্থানীয় সময় রবিবার বিকেল ৩টায় শুরু হবে বিশ্বকাপের ফাইনাল। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ২০ জুলাই, সোমবার রাত সাড়ে ১২টায়। ইতিমধ্যেই এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। কারণ, একদিকে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি, অন্যদিকে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ২০০৭ সালে ছোট্ট ইয়ামালকে কোলে নিয়ে স্নান করানোর মেসির সেই পুরনো ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
একদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা, অন্যদিকে ১৬ বছর পর আবার বিশ্বসেরার মুকুট ফিরিয়ে আনার লক্ষ্যে মাঠে নামছে স্পেন। ৩৯ বছরের অভিজ্ঞ মেসি এবং ১৯ বছরের উদীয়মান তারকা ইয়ামালের এই প্রজন্মের লড়াই ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।







