রাজনীতি

তৃণমূলের ব্যাঙ্ক লেনদেনে ১৬৪ কোটির ধোঁয়াশা! হিসেব জানতে ব্যাঙ্কের দ্বারস্থ ইডি

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন ঘিরে নতুন করে জোরদার হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তদন্ত। কোটি কোটি টাকার লেনদেনের সুনির্দিষ্ট তথ্য মিলছে না বলে এবার সরাসরি সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে সমস্ত লেনদেনের বিস্তারিত নথি চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত যত এগোচ্ছে, ততই জটিল হয়ে উঠছে শাসকদলের আর্থিক লেনদেনের চিত্র।

ইডি সূত্রের দাবি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তত ১৬৪ কোটি টাকার লেনদেনের উৎস ও ব্যবহার সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। এই বিপুল অর্থ কোথা থেকে এসেছে এবং কীভাবে খরচ হয়েছে, তা খতিয়ে দেখতেই ব্যাঙ্কের কাছে পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। বিজেপি বিধায়ক সজল ঘোষ দাবি করেন, “১৬৪ কোটি টাকা শুধু শুরু। সঠিকভাবে তদন্ত এগোলে এই অঙ্ক হাজার কোটিও ছাড়িয়ে যেতে পারে।”

কপ্টার-বিমান কেনা নিয়ে তদন্ত

শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়, ইডির নজরে এসেছে একটি বেসরকারি বিমান পরিষেবা সংস্থাও। তদন্তে উঠে এসেছে তথাকথিত ‘সার্কুলার ট্রেডিং’ বা চক্রাকার আর্থিক লেনদেনের অভিযোগ।

ইডির দাবি, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তৃণমূলের অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬০ কোটি টাকা স্থানান্তরিত হয় কেয়ারওয়েল এভিয়েশন-এর অ্যাকাউন্টে। এর আগে রাধাবাজার স্ট্রিটে অবস্থিত কেয়ারওয়েল গ্রুপ অফ কোম্পানিজ-এর নিবন্ধিত অফিস-সহ মোট পাঁচটি জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডির কলকাতা জোনাল অফিস।

অভিযোগ, ওই অর্থের প্রায় ৮২.৯৬ কোটি টাকা একটি সহযোগী সংস্থার মাধ্যমে অন্যত্র পাঠানো হয়। পরে মোট ১১২ কোটি টাকা ব্যয়ে একটি বিলাসবহুল এমব্রেয়ার বিমান এবং একটি অগাস্টা হেলিকপ্টার কেনা হয়।

‘সার্কুলার ট্রেডিং’-এর অভিযোগ

তদন্তকারী সংস্থার দাবি, তৃণমূলের অর্থে কেনা ওই বিমান ও হেলিকপ্টার পরবর্তীতে উচ্চ ভাড়ায় তৃণমূল কংগ্রেসের কাছেই ব্যবহারের জন্য দেওয়া হয়। অর্থাৎ, নির্বাচনী প্রচার বা অন্যান্য কর্মসূচির নামে বিমান ভাড়ার খরচ দেখিয়ে দলের অ্যাকাউন্ট থেকে ফের ওই বিমান সংস্থার কাছে বিপুল অঙ্কের টাকা গিয়েছে বলে অভিযোগ। এই গোটা প্রক্রিয়াকেই ‘সার্কুলার ট্রেডিং’-এর উদাহরণ হিসেবে দেখছে ইডি।

৪৪০ কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ

এই অভিযোগের ভিত্তিতে অর্থ পাচার প্রতিরোধ আইন (PMLA), ২০০২-এর ১৭(১এ) ধারায় পদক্ষেপ করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এইচডিএফসি ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্টে থাকা মোট ৪৪০.৪২ কোটি টাকা ফ্রিজ করেছে ইডি।

এবার মূল লক্ষ্য ১৬৪ কোটি টাকার লেনদেনের প্রকৃত উৎস ও ব্যবহার সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা। সেই কারণেই ব্যাঙ্কের কাছে বিস্তারিত লেনদেনের নথি চাওয়া হয়েছে। তদন্তকারীদের মতে, ওই নথি হাতে এলেই গোটা আর্থিক লেনদেনের চিত্র আরও স্পষ্ট হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.