নেপালে কাজের সন্ধানে গিয়ে এখন নিখোঁজ পশ্চিম মেদিনীপুরের ডেবরার দুই যুবক। ভয়াবহ হড়পা বান ও আকস্মিক বন্যার পর থেকেই কাঠমান্ডুর কালিমাটি এলাকায় থাকা শেখ নজরুল আলি এবং শেখ মোজাফফর আলির সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। মোবাইল ফোনও বন্ধ। ফলে বাড়িতে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা।
ডেবরার মহেশপুরের বাসিন্দা শেখ নজরুল আলি প্রায় ১৫ দিন আগে নেপালে গিয়েছিলেন। সেখানে পাথরের কাজ করছিলেন তিনি। অন্যদিকে, শেখ মোজাফফর আলি প্রায় চার মাস আগে কাজের জন্য নেপালে পাড়ি দিয়েছিলেন। তিনিও কাঠমান্ডুর কালিমাটি এলাকায় পাথরের কাজ করতেন।
পরিবারের দাবি, নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের খবর আসার পর থেকেই দু’জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একাধিকবার ফোন করা হলেও কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফোনের ওপার থেকে কোনও সাড়া না মেলায় দুশ্চিন্তা আরও বেড়েছে।
পরিবারের সদস্যদের এখন একটাই প্রার্থনা—নজরুল এবং মোজাফফর যেন নিরাপদে থাকেন। কখন তাঁদের ফোন আসবে, সেই অপেক্ষাতেই দিন কাটছে পরিজনদের। প্রশাসনের কাছে দ্রুত নিখোঁজ দুই যুবকের সন্ধান চালানোর পাশাপাশি তাঁরা নিরাপদে থাকলে তাঁদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার আবেদন জানিয়েছে পরিবার।
এদিকে, নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার জেরে একাধিক ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর সামনে এসেছে। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বহু পর্যটক-তীর্থযাত্রীর খোঁজ মিলছে না। মহারাষ্ট্রের সাত পর্যটকের মধ্যে চারজন নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। বাকি তিনজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
পশ্চিমবঙ্গের ৩২ সদস্যের একটি দল নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। কলকাতা থেকে কৈলাস-মানস সরোবর যাত্রায় যাওয়া ওই দলে রয়েছেন ৩০ জন পর্যটক এবং দু’জন ট্যুর ম্যানেজার। তিব্বতে প্রবেশের আগে প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য তাঁরা রাসুওয়াগাধির ইমিগ্রেশন অফিসে অপেক্ষা করছিলেন। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ আচমকা বন্যার জল ওই এলাকায় ঢুকে পড়ে।
একদিকে নেপালে নিখোঁজ দুই যুবকের পরিবারের উৎকণ্ঠা, অন্যদিকে একাধিক ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন—প্রতিবেশী দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ছবি ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে। ডেবরার দুই পরিবারের এখন একটাই অপেক্ষা—নেপাল থেকে আসুক একটি ফোন, মিলুক প্রিয়জনের নিরাপদে থাকার খবর।







