বিনোদন

দেশ ছাড়ার নির্দেশ ঘিরে আইনি লড়াই! মুম্বই পুলিশের নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে ইমরান খান

মুম্বই পুলিশের দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানাতে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছেন বলিউড অভিনেতা ইমরান খান।** আগামী ২৮ নভেম্বরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে অভিনেতাকে নোটিশ পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে। সেই নোটিশের বিরুদ্ধে আদালতে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। প্রয়োজনে দ্রুত শুনানির আর্জিও জানানো হতে পারে।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার ইমরানকে নোটিশ পাঠানো হয়। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়াকে কেন্দ্র করেই এই পদক্ষেপ। ওই কর্মসূচির আয়োজক ছিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। বিক্ষোভ চলাকালীন ইমরান, তাঁর বোন জেন খান এবং লেখা ওয়াশিংটন-সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

ইমরান খান আমেরিকার নাগরিক এবং তাঁর কাছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই পরিচয়ের ভিত্তিতে তাঁর রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা কিরিট সোমাইয়া। মুম্বইয়ের পুলিশ কমিশনারকে চিঠি লিখে বিষয়টি তদন্তের দাবি জানান তিনি। এরপরেই ইমরানের বিরুদ্ধে দেশ ছাড়ার নোটিশ জারি করা হয়েছে বলে দাবি।

এই নির্দেশ ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন, বিদেশি নাগরিক বা ওসিআই কার্ডধারীদের ক্ষেত্রে রাজনৈতিক বক্তব্য ও প্রতিবাদে অংশ নেওয়ার নিয়ম কি সবার জন্য সমান? তাঁর বক্তব্য, আমেরিকার নাগরিক মেরি মিলবেন বিজেপির পক্ষে কথা বলতে পারলে ওসিআই কার্ডধারী ইমরান খান কেন বিজেপির বিরোধিতা করতে পারবেন না?

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ তুলে গত কয়েক দিন ধরেই বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে সিজেপি। দিল্লির যন্তরমন্তরেও বিক্ষোভের পরিকল্পনা রয়েছে সংগঠনের। এই পরিস্থিতিতে ইমরান খানের নোটিশের বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্ক উসকে দিল। তবে নোটিশের বৈধতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের শুনানির পরেই স্পষ্ট হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.