রাজনীতি

২১ জুলাইয়ের আগে তৃণমূলে বড় ধাক্কা! ইডির ফ্রিজ করা অ্যাকাউন্ট খুলতে রাজি নয় আদালত

২১ জুলাইয়ের আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় কোনও অন্তর্বর্তী স্বস্তি দিতে রাজি হল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত ইডির নির্দেশে ফ্রিজ করা অ্যাকাউন্টগুলির উপর আদালত কোনও হস্তক্ষেপ করবে না। ফলে তৃণমূলের ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগের মতোই ফ্রিজ অবস্থায় থাকবে এবং সেই অর্থ ব্যবহার করা যাবে না।

এই মামলায় ইডি আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে ইসিআইআর (ECIR) নথিভুক্ত করে তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। অভিযোগ, ওই অ্যাকাউন্টগুলিতে থাকা অর্থের উৎস ও লেনদেনের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আরও কয়েকটি অ্যাকাউন্টের আর্থিক তথ্যও তদন্তের আওতায় রয়েছে।

এর আগে গত ৯ জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ পুলিশ কর্তৃক ফ্রিজ করা তিনটি অ্যাকাউন্টে সীমিত লেনদেনের অনুমতি দিয়েছিল। আদালত প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে সেই ব্যয়ের উপর নজরদারির দায়িত্ব দেয়। নির্দেশ ছিল, দলের দুই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের স্বাক্ষরযুক্ত চেকের ভিত্তিতে প্রয়োজনীয় খরচের অনুমতি দেওয়া যাবে। এই ব্যবস্থা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানানো হয়েছিল।

পরবর্তী সময়ে ইডির ফ্রিজ করা অ্যাকাউন্টগুলিও চালুর আবেদন জানিয়ে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আবেদন করে তৃণমূল। শুনানি শেষে আদালত রায় সংরক্ষণ করেছিল। সোমবার সেই রায় ঘোষণা করে আদালত জানায়, এই মুহূর্তে অন্তর্বর্তী কোনও নির্দেশ দেওয়া হবে না। ফলে ইডির ফ্রিজ করা অ্যাকাউন্টগুলির উপর নিষেধাজ্ঞা বহাল থাকছে।

আদালতের এই সিদ্ধান্তের ফলে আপাতত ইডির তদন্ত চলবে এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফ্রিজ করা অ্যাকাউন্টগুলিতে লেনদেনের সুযোগ মিলছে না। বিশেষ করে ২১ জুলাইয়ের কর্মসূচির আগে এই রায় রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.