ডেবরা: ভাসুরের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। সেই সম্পর্কের প্রতিবাদ করেছিলেন স্বামী। আর তাতেই প্রাণ গেল তাঁর। অভিযোগ, স্বামী ও গোটা পরিবারকে সরিয়ে ফেলতেই পরিকল্পনা করে ‘বিষক্রিয়া’। রান্না করা ভাতে মেশানো হয় বিষ। মৃত্যু হল স্বামী বুদ্ধদেব দোলাইয়ের, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আরও চারজন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার সুভদ্রাপাঠ এলাকায়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গোপীবল্লভপুরের বাসিন্দা রুমা দোলাইয়ের সঙ্গে দু’বছর আগে প্রেম করে বিয়ে হয় ডেবরার বুদ্ধদেব দোলাইয়ের। সদ্যই এক কন্যা সন্তানের জন্ম দেন রুমা। প্রথমদিকে স্বাভাবিক থাকলেও, মাসখানেক আগে থেকেই সম্পর্কের রসায়ন বদলাতে থাকে।
পরিবারের অভিযোগ, বুদ্ধদেবের পিসির ছেলে সঞ্জয় দোলাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রুমা। বিষয়টি জানাজানি হতেই দাম্পত্য কলহ শুরু হয়। একাধিকবার পারিবারিকভাবে সমস্যা মেটানোর চেষ্টা হলেও তা ব্যর্থ হয়।
এরপরই ঘটে বিপর্যয়। অভিযোগ, প্রায় ১০ দিন আগে পরিবারের সকলে যখন রাতের খাবারে ভাত খাচ্ছিলেন, তখন সেই ভাতে নাকি মেশানো ছিল বিষ। ওই রাতে রুমা নিজে মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতেই অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব, তাঁর বাবা, মা, ঠাকুমা ও ভাই। স্থানীয়দের তৎপরতায় তাঁদের তড়িঘড়ি ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুদ্ধদেবকে স্থানান্তরিত করা হয় ভুবনেশ্বরের একটি হাসপাতালে, কিন্তু শেষরক্ষা হয়নি। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় বুদ্ধদেবের পরিবার ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে রুমা এবং সঞ্জয় দোলাইয়ের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকেই গ্রেফতার করেছে। তদন্ত চলছে।
অভিযুক্তদের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। গ্রামে নেমে এসেছে চাঞ্চল্যের ছায়া।







