খেলাধুলা

টালমাটাল আইএসএলের মাঝেই মেয়েদের উত্থান, ফিফা র‍্যাঙ্কিংয়ে নজির ভারতের

যখন ভারতীয় ফুটবল ঘিরে অনিশ্চয়তা তুঙ্গে, তখন আশার আলো দেখাচ্ছে দেশের মেয়েরা। আইএসএল আদৌ হবে কি না, তা নিয়ে প্রশ্নচিহ্ন। পুরুষ দলের পারফরম্যান্সেও নেমেছে ধস। আন্তর্জাতিক স্তরে একের পর এক ম্যাচে হারছে দল। অথচ সেই অন্ধকারেই দীপ্তি ছড়াচ্ছে মহিলা দল। এবারের এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে গ্রুপ শীর্ষে থেকে যোগ্যতা অর্জন করে তারা পৌঁছে গেল ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬৩ নম্বরে। যা গত দু’বছরের মধ্যে ভারতের সেরা র‍্যাঙ্কিং।

গ্রুপ পর্বে ভারতের মেয়েরা একের পর এক বড় জয় পেয়েছে। মঙ্গোলিয়াকে ১৩-০, ইরাককে ৫-০ এবং টিমর-লেস্তেকে ৪-০ গোলে হারিয়ে দাপটের সঙ্গে উঠেছে তারা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি ছিল থাইল্যান্ডের বিরুদ্ধে। দুই দলেরই পয়েন্ট সমান থাকায় এই ম্যাচ কার্যত ছিল ‘নকআউট’ পর্যায়ের সমান। এই চাপের ম্যাচেই জ্বলে ওঠেন সঙ্গীতা বাসফোর। তাঁর জোড়া গোলে ভারত ২-১ ব্যবধানে হারায় থাইল্যান্ডকে, যারা র‍্যাঙ্কিংয়ে ভারত থেকে অনেকটাই এগিয়ে ছিল।

এই সাফল্যের পুরস্কার মিলল ফিফা র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ লাফিয়ে। যা শুধু মহিলা ফুটবলেরই নয়, গোটা ভারতীয় ক্রীড়াক্ষেত্রের পক্ষেও অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত।

অন্যদিকে, এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে অংশ নিতে চলেছে অনূর্ধ্ব-১৭ পুরুষ দল। নভেম্বর মাসে আহমেদাবাদে আয়োজিত হতে চলা এই পর্বে ভারত খেলবে ডি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ইরান, প্যালেস্তাইন, লেবানন ও চাইনিজ তাইপেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.