তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ ২০ জন বিদ্রোহী সাংসদ। তবে নতুন দলে যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যেই তাঁদের রাজনৈতিক অবস্থান নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই ২০ জন সাংসদকে বিজেপিতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, এনডিএ-র অংশ হিসেবে এনসিপিআই সাংসদদের অন্তর্ভুক্তি নিয়ে কিছু আইনি জটিলতা সামনে এসেছে। বিদ্রোহী সাংসদদের সদস্যপদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে লোকসভারএ স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই পরিস্থিতিতে আইনি বিতর্ক এড়াতে সুদীপ বন্দ্যোপাধ্যায়দের সরাসরি বিজেপিতে যোগদান করানোর বিকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। ফলে ২০ জন সাংসদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, শুক্রবার তাঁর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে।
সংসদের বাদল অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে এনসিপিআই সাংসদদের আমন্ত্রণ জানানো নিয়েও বিতর্ক দেখা দেয়। কালীঘাট তৃণমূল-সহ বিরোধী দলগুলি প্রতীকী ওয়াকআউট করে আপত্তি জানায়। তাঁদের বক্তব্য, এখনও পর্যন্ত এনসিপিআই আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়া সত্ত্বেও কীভাবে সেই দলের সাংসদদের সর্বদলীয় বৈঠকে ডাকা হল, তার ব্যাখ্যা দেওয়া উচিত।
এই বিতর্কের পরিপ্রেক্ষিতেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ এনসিপিআই-র ২০ জন সাংসদকে বিজেপিতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে।
এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “ওই দলের নেতৃত্বই এ বিষয়ে মন্তব্য করতে পারবেন। আমি বিজেপির প্রতিনিধি হিসেবে শুধু আমাদের দলের অবস্থান বলতে পারি। আমি এনডিএ-র নেতা নই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি একাই লড়ে জয় পেয়েছে। আমাদের কোনও শরিকের প্রয়োজন হয়নি। তাই এই জয় বিজেপিরই জয়।”







