শিক্ষা

১৪ অগস্ট রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের আহ্বান রাজ্যপালের

১৯৪৭ সালের দেশভাগের মর্মান্তিক স্মৃতি ও তার গভীর প্রভাবকে স্মরণ করে আগামী ১৪ অগস্ট রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ‘দেশ বিভাজন দিবস’ পালনের আহ্বান জানালেন রাজ্যপাল তথা আচার্য আর এন রবি। রবিবার লোক ভবনের তরফে জারি করা নির্দেশিকায় রাজ্যের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং তাদের অধীনস্থ কলেজগুলিতে এই বিশেষ দিবস পালনের বার্তা দেওয়া হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, দেশভাগের চরম অভিঘাতের অন্যতম সাক্ষী ছিল পশ্চিমবঙ্গ। ১৯৪৭-এর সেই ঐতিহাসিক বিপর্যয়ে বহু মানুষ প্রাণ হারান এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়ে ভিটেমাটি ছাড়তে বাধ্য হন। এর ফলে বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কাঠামোয় দীর্ঘস্থায়ী ক্ষতি হয়।

রাজভবনের বক্তব্য, ভারতের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করা প্রয়োজন। দেশভাগের শিকার মানুষদের স্মরণ করার পাশাপাশি সমাজে বিভাজন ও বিচ্ছিন্নতার প্রবণতা সম্পর্কে সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়েছে নির্দেশিকায়।

উল্লেখ্য, ১৯৪৭ সালের দেশভাগের ফলে অবিভক্ত বাংলা ও পাঞ্জাব বিভক্ত হয় এবং পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। ১৫ অগস্ট স্বাধীনতা অর্জন করে ভারত।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের নতুন বিজেপি সরকার ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে। আগামী ১০ অগস্ট কলকাতায় আয়োজন করা হয়েছে বিশেষ তেরঙ্গা পদযাত্রার। প্রশাসন সূত্রে খবর, অন্তত ১০ হাজার পড়ুয়ার অংশ নেওয়ার কথা রয়েছে।

বিকাশ ভবনের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কলকাতা বিশ্ববিদ্যালয়। সকাল ১০টার মধ্যে আকাশবাণী ভবন চত্বরে জমায়েত এবং দুপুর ১টার পর সেখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত পদযাত্রা হবে। কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.