জেলা

ঘুষের অভিযোগে কড়া পদক্ষেপ, দুই এমভিআই সাসপেন্ড; দুর্নীতির বিরুদ্ধে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে এবার সরাসরি প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। বৈধ নথি থাকা সত্ত্বেও এক পণ্যবাহী ট্রাক আটকে চালকের কাছ থেকে ঘুষ দাবি করার অভিযোগে পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে কর্মরত দুই মোটর ভেহিকল ইনস্পেক্টর (এমভিআই)-কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে রাজ্যের দুর্নীতি দমন শাখা (এসিবি)-কে।

সরকারি সূত্রের দাবি, পণ্যবাহী ট্রাকের চালক দীপক সিংহের কাছে নাজিমুল হক ও অনুপম বন্দ্যোপাধ্যায় নামে দুই এমভিআই ২২ হাজার টাকা ঘুষ দাবি করেন। অভিযোগ, ওই টাকা দিতে অস্বীকার করায় সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ট্রাকটি আটকে রাখা হয় এবং চালককে হেনস্থার মুখে পড়তে হয়।

এই অভিযোগ সামনে আসতেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ সার্ভিসেস (শ্রেণিবিন্যাস, নিয়ন্ত্রণ ও আপিল) বিধি, ১৯৭১-এর ৭(১)(ক) ধারায় অভিযুক্ত দুই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

শুক্রবার সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, “কেউ আইনের ঊর্ধ্বে নন। তোলাবাজি বা দুর্নীতির কোনও ঘটনাই সরকার বরদাস্ত করবে না। প্রশাসনকে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে আমরা বদ্ধপরিকর।”

সরকারি বিবৃতিতে আরও জানানো হয়েছে, বেআইনিভাবে আটক রাখা যানবাহন দ্রুত মুক্ত করা এবং পরিবহণ ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে সংশ্লিষ্ট দফতরকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশাসনের সব স্তরের কর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, দুর্নীতি, হয়রানি বা অবৈধ আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই শুভেন্দু অধিকারী বেআইনি নির্মাণ, নিয়োগ দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেট ও তোলাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বারবার তুলে ধরেছেন। রামপুর চেকপোস্টের এই ঘটনায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ সেই অবস্থানকেই আরও একবার স্পষ্ট করল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.