মন্ত্রী হওয়ার পর থেকেই টানা মাঠে নেমে কাজ করছেন অগ্নিমিত্রা পাল। বিভিন্ন এলাকায় হঠাৎ পরিদর্শনে গিয়ে অনিয়মের বিরুদ্ধে কড়া অবস্থানও নিয়েছেন তিনি। সেই প্রসঙ্গেই শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে বর্তমান পুরমন্ত্রীকে প্রকাশ্যে প্রশংসা করেন প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
ফিরহাদ বলেন, “আপনি মাত্র আড়াই মাস সময় পেয়েছেন। এই অল্প সময়ের মধ্যেই যেভাবে শহরের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন, সেটা আমি হয়তো করতে পারিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন। আমি স্বীকার করছি, আমার পক্ষে সেইভাবে করা সম্ভব হয়নি।” তাঁর এই মন্তব্যের মাঝেই তথ্য ও সংস্কৃতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী কটাক্ষ করলে ফিরহাদ জবাব দেন, “আমি তো আপনাদের কাজের প্রশংসাই করছি, কিন্তু আপনারাই আমাকে জোর করে বিরোধী বানাতে চাইছেন।”
শহরের জলাভূমি রক্ষার বিষয়েও বর্তমান পুরমন্ত্রীকে পরামর্শ দেন তিনি। ফিরহাদের কথায়, “পুরনো বাড়ি ভাঙার ধ্বংসাবশেষ ফেলে বেআইনিভাবে জলাভূমি ভরাট করা হচ্ছে। পুলিশের সহযোগিতায় কঠোর ব্যবস্থা নিয়ে এটি বন্ধ করা প্রয়োজন। আমার সময়েও চেষ্টা করেছি। আপনি যেভাবে সক্রিয়ভাবে কাজ করছেন, আশা করি এই সমস্যার সমাধান করতে পারবেন।”
আলোচনার একপর্যায়ে বামফ্রন্ট ও কংগ্রেসকেও নিশানা করেন ফিরহাদ। তিনি বলেন, “১৯৭৭ সালে ক্ষমতায় এসে বামেরা কংগ্রেস সরকারের সমালোচনা করেছিল। আবার ২০১১ সালে আমরা ক্ষমতায় এসে বামেদের কাজের সমালোচনা করেছি। আপনারাও একদিন ক্ষমতা থেকে সরে যাবেন…” এই মন্তব্যের পরই বিজেপি বিধায়কদের আসন থেকে শোনা যায়, “আমরা আগামী ৫০ বছর থাকব।” জবাবে ফিরহাদ বলেন, “৫০ বছর নয়, ১০০, ২০০ বা ৫০০ বছরও থাকতে পারেন। কিন্তু সময়ের নিয়মে একদিন সবাইকেই সরে যেতে হয়। তখন কাজের মূল্যায়ন হবে। শুভেন্দু অধিকারী কিংবা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে যদি কলকাতার উন্নতি হয়, তাহলে তাতে আমি খুশিই হব।”
প্রাক্তন পুরমন্ত্রীর এই প্রশংসার উত্তরে অগ্নিমিত্রা পাল বলেন, “তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে আমি সারাদিন শহরের উন্নয়নের জন্য কাজ করছি।” পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, “১৫ বছর ক্ষমতায় থেকেও কেন এই সমস্যাগুলির স্থায়ী সমাধান করা গেল না? জল জমা ও নিকাশি ব্যবস্থার জন্য বরাদ্দ অর্থ কোথায় ব্যয় হয়েছে? কেন শুধু প্রভাবশালী নেতা-মন্ত্রীদের এলাকার পুরসভাগুলিই বেশি বরাদ্দ পেত?” তিনি স্পষ্ট জানান, বর্তমান বিজেপি সরকারের আমলে উন্নয়ন ও বরাদ্দের ক্ষেত্রে কোনও পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না।
উল্লেখ্য, এর আগেও ফিরহাদ হাকিমের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা গিয়েছিল।







