শিক্ষা

নিট বিতর্কের মাঝেই বড় সাফল্য, টেট প্রশ্নফাঁসের মূল চক্রী বীরেন্দ্র গুপ্তা গ্রেফতার

দেশজুড়ে নিট পরীক্ষার স্বচ্ছতা নিয়ে বিতর্ক যখন এখনও তুঙ্গে, ঠিক সেই সময় শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় বড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ। দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকা অভিযুক্ত বীরেন্দ্র গুপ্তাকে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, টেট প্রশ্নপত্র ফাঁসের মূল পরিকল্পনাকারীদের অন্যতম ছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জুন মাসে মহারাষ্ট্রে অনুষ্ঠিত শিক্ষক যোগ্যতা (টেট) পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। এরপর তদন্তে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সেই সময় থেকেই পলাতক ছিলেন বীরেন্দ্র গুপ্তা। গোপন সূত্রে তাঁর অবস্থানের খবর পাওয়ার পর বিহারে অভিযান চালিয়ে শুক্রবার তাঁকে পাকড়াও করা হয়। একই অভিযানে আরও এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তে উঠে এসেছে, বীরেন্দ্র গুপ্তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে। এই মামলায় আগেই তাঁর স্ত্রী সুমন গুপ্তাকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তকারীদের মতে, প্রশ্নফাঁস চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত ছিলেন বীরেন্দ্র এবং তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়ও বীরেন্দ্র গুপ্তার নাম সামনে এসেছিল। একটি সংবাদমাধ্যমের স্টিং অপারেশনে তিনি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সিন্ডিকেট কীভাবে কাজ করে এবং কীভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাকে টার্গেট করা হয়, সে সম্পর্কে বিস্ফোরক দাবি করেছিলেন।

বীরেন্দ্র গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করে আরও বড় চক্রের হদিস মিলতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। তাঁর গ্রেফতারের পর প্রশ্নফাঁসের নেপথ্যে জড়িত অন্যদের শনাক্ত করার কাজও আরও জোরদার হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.