সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাঁদের জন্য বড় সুযোগ নিয়ে আসছে ভারতীয় রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) দেশের বিভিন্ন রেল জোনে মোট ৪,০৯৮টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ হবে রেলের টেকনিক্যাল বিভাগের একাধিক গুরুত্বপূর্ণ পদে। অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা, শিলিগুড়ি, মালদহ, ভুবনেশ্বর, পটনা-সহ দেশের ২১টি রেল ডিভিশনে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে।
কোন কোন পদে নিয়োগ?
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার (JE), ডিপো মেটেরিয়াল সুপারিন্টেন্ডেন্ট, কেমিক্যাল সুপারভাইজার এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
সিভিল, মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন, কমিউনিকেশন-সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি বা ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন। এছাড়া পদার্থবিদ্যা ও রসায়নে স্নাতক প্রার্থীরাও নির্দিষ্ট পদে আবেদন করার সুযোগ পাবেন।
প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
কীভাবে হবে নির্বাচন?
প্রার্থীদের নির্বাচন হবে একাধিক ধাপে। প্রথমে কম্পিউটার ভিত্তিক (CBT) পরীক্ষা নেওয়া হবে। এরপর সফল প্রার্থীদের নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
পরীক্ষার সিলেবাস
পরীক্ষায় অঙ্ক, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, পদার্থবিদ্যা, রসায়ন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল এবং সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়ের উপর প্রশ্ন থাকবে।
কবে থেকে আবেদন?
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ অগাস্ট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে পারে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। আবেদন ফি ধার্য করা হয়েছে ₹৫০০। আবেদন পদ্ধতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জানতে প্রার্থীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সরকারি ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।






