দিল্লির রাজনৈতিক মহলে ফের জোর চর্চা শুরু হয়েছে। এবার এনডিএ-র বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে এনসিপিআই-এর সাংসদদের। তারও আগে মঙ্গলবার দুপুরে দিল্লির বঙ্গভবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এই তথ্য জানিয়েছেন সাংসদ শতাব্দী রায়। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এনসিপিআই কি শেষ পর্যন্ত বিজেপির সঙ্গেই পথ চলতে চলেছে? মঙ্গলবারের বৈঠকের ফলাফলের দিকেই এখন নজর সকলের।
এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানান, “মঙ্গলবার দুপুর ১টায় বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক রয়েছে। সব সাংসদই সেখানে উপস্থিত থাকবেন। আমাদের কারও কোনও মতামত বা বক্তব্য থাকলে তা শোনার সুযোগ দেওয়া হবে। এতদিন যেসব বিষয় খোলাখুলি বলা সম্ভব হয়নি, সেগুলিও এবার তুলে ধরার সুযোগ মিলতে পারে।”
দলবদল নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গে শতাব্দী রায়ের দাবি, সব পদক্ষেপই আইন ও বিধি মেনেই হয়েছে। তাঁর বক্তব্য, “আমরা সম্পূর্ণ নিয়ম মেনেই এগিয়েছি। কোনও নিয়ম লঙ্ঘন হয়েছে বলে আমার মনে হয় না। নির্বাচন কমিশনের তরফে একটি আনুষ্ঠানিক নথি আসার কথা। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার। আপাতত সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার অপেক্ষা চলছে।”







