জেলারাজনীতি

তৃণমূল ছাড়ার ঘোষণা আরাবুল ইসলামের, আইএসএফে যোগদানের জল্পনা তুঙ্গে ভোটের আগে

‘দল আমাকে বুঝল না’—অভিমান প্রাক্তন ভাঙড় বিধায়কের, মঙ্গলবার ফুরফুরা শরিফে গিয়ে সিদ্ধান্ত স্পষ্ট হতে পারে

ভোটের মুখে আবারও ধাক্কা তৃণমূল কংগ্রেসে। ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম দল ছাড়ার ঘোষণা করে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি করলেন। সোমবার তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আরাবুল ইসলামকে তাঁরা বুঝল না। পাঁচ বার কেস খেয়েছি, তিনবার বহিষ্কার হয়েছি। মনের দুঃখে আজ তৃণমূল থেকে ইস্তফা দিচ্ছি।”

যদিও মুখে ইস্তফার কথা বললেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে তাঁর পদত্যাগপত্র জমা পড়েছে কি না, তা স্পষ্ট নয়।

ভোটের আগে তৃণমূলের অন্দরে ‘অভিমানী নেতা’র ঘটনা নতুন নয়। গত কয়েক বছরে সাসপেনশন ও বহিষ্কারের জেরে দলের সঙ্গে দূরত্ব ক্রমশ বেড়েছিল আরাবুল ইসলামের। একসময় ভাঙড় রাজনীতিতে দাপটের সঙ্গে নিজের প্রভাব বিস্তার করেছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের অন্দরে তাঁর গুরুত্ব কমেছে বলেই রাজনৈতিক মহলের দাবি।

সূত্রের খবর, ভাঙড়ে আইএসএফের প্রভাব কমাতে এবার তৃণমূল শওকত মোল্লাকে সামনে আনতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দলীয়ভাবে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুধু সাসপেনশন বা বহিষ্কার নয়, সাম্প্রতিক কয়েকটি বিতর্কেও জড়িয়ে পড়ায় দলের অন্দরে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন আরাবুল। বিশেষ করে শওকত মোল্লার সঙ্গে তাঁর প্রকাশ্য দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

গত পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূলের টিকিটে জয়ী হয়েও ভাঙড়ের দলীয় পর্যবেক্ষক শওকত মোল্লার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন আরাবুল। এমনকি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও শওকত গোষ্ঠী ও আরাবুল গোষ্ঠীর সংঘর্ষ নতুন করে শিরোনামে আসে। সেই ঘটনার পর থেকেই কার্যত দলে কোণঠাসা হয়ে পড়েন তিনি।

এদিকে, তৃণমূল ছাড়ার ঘোষণা করলেও আরাবুল ইসলামের পরবর্তী রাজনৈতিক গন্তব্য নিয়েও জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, সোমবারই তিনি ফুরফুরা শরিফে যাচ্ছেন এবং সব ঠিক থাকলে মঙ্গলবার আইএসএফে যোগ দিতে পারেন। যদিও এই বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি তিনি।

আরাবুল ইসলামের কথায়, “এখন কিছু বলব না। পরিস্থিতি আসুক, তখন বলব। তবে দু-একদিনের মধ্যে যা হওয়ার হবে।”

অন্যদিকে, এই প্রসঙ্গে আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, তৃণমূল অনেক নেতাকেই ব্যবহার করে পরে ছেড়ে দেয়। তাঁর কথায়, “শাহজাহানের নাম এখন তৃণমূল নেয়? ওদের দলে অনেকেই আছে যাদের ব্যবহার করে ফেলে দেওয়া হয়। আরাবুল ইসলাম আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি। তবে জেলা স্তরের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং আইএসএফে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন।”

ভোটের আগে ভাঙড় রাজনীতিতে এই সমীকরণ কতটা প্রভাব ফেলবে, এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.