আবহাওয়া

আছড়ে পড়ল গভীর নিম্নচাপ! ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কোথায় কত বৃষ্টি? কবে মিলবে স্বস্তি

নিজস্ব প্রতিবেদন: বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ মঙ্গলবার সকালে দীঘা ও হলদিয়ার মাঝামাঝি উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা পেরিয়ে ছত্তীসগঢ়ের দিকে যাবে এবং ধীরে ধীরে শক্তি হারাবে।

নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মঙ্গলবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বুধবার থেকে আবহাওয়ার ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আপাতত সপ্তাহের বাকি দিনগুলিতে বড় ধরনের ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পাঁচ জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

কলকাতায় মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে। দিনের মধ্যে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.