পশ্চিম এশিয়ার সাম্প্রতিক অস্থিরতার জেরে পর্যটন শিল্পে ধাক্কা সামলাতে অভিনব উদ্যোগ নিল দুবাই প্রশাসন। বিদেশি পর্যটকদের আবারও ভ্রমণে উৎসাহিত করতে চালু করা হয়েছে ‘দুবাই ইনভাইট’ নামে একটি বিশেষ কর্মসূচি। এই প্রকল্পে সংযুক্ত আরব আমিরশাহির বাসিন্দারা বিদেশে থাকা আত্মীয় বা বন্ধুদের দুবাই ভ্রমণের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন। নির্দিষ্ট শর্ত পূরণ হলে আমন্ত্রণকারী পেতে পারেন সর্বোচ্চ ৩ হাজার দিরহাম পর্যন্ত পুরস্কার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৫ হাজার টাকার সমমূল্য।
প্রশাসনের ঘোষণা অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহির ১৮ বছর বা তার বেশি বয়সি এবং বৈধ এমিরেটস আইডিধারী বাসিন্দারা সর্বাধিক তিন জন বিদেশি আত্মীয় বা বন্ধুকে এই কর্মসূচির আওতায় আমন্ত্রণ জানাতে পারবেন। আমন্ত্রিত ব্যক্তিকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে বৈধ পর্যটক ভিসা নিয়ে বিমান, সড়ক অথবা জলপথে দুবাইয়ে পৌঁছতে হবে। সফলভাবে সফর সম্পন্ন হলে পর্যটকরা হোটেল, খাবার ও বিভিন্ন পর্যটন পরিষেবায় বিশেষ সুবিধা পাবেন। একই সঙ্গে আমন্ত্রণকারীও পুরস্কারের জন্য বিবেচিত হবেন।
পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মহলের মতে, সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। ফলে বহু বিদেশি পর্যটক তাঁদের সফর স্থগিত বা বাতিল করেছেন। এর প্রভাব পড়েছে হোটেল, রেস্তোরাঁ এবং আতিথ্য শিল্পে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই আস্থা ফিরিয়ে আনতে একের পর এক পদক্ষেপ করছে দুবাই প্রশাসন।
শুধু এই কর্মসূচিই নয়, পর্যটকদের খরচ কমাতেও নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। বিলাসবহুল হোটেলে থাকার উপর ধার্য কর সাময়িকভাবে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি হোটেল ও রেস্তোরাঁর বিলে থাকা ৭ শতাংশ পৌর করও প্রত্যাহার করা হয়েছে, যাতে বিদেশি পর্যটকদের জন্য দুবাই আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
যদিও বর্তমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, হোটেল, রেস্তোরাঁ এবং সমস্ত পর্যটনকেন্দ্র স্বাভাবিকভাবেই চালু রয়েছে, তবুও পর্যটকদের আস্থা ফিরিয়ে আনা এখন প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে, আধুনিক পরিকাঠামো ও উন্নত পর্যটন পরিষেবার কারণে দুবাই এখনও বিশ্বের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য। সেই অবস্থান আরও শক্তিশালী করতেই নতুন এই উদ্যোগকে সামনে এনেছে প্রশাসন







