রাজ্য

প্রথম দিনেই টোল-ফ্রি হেল্পলাইনে ২ হাজার অভিযোগ! কাটমানি ছাড়িয়ে জল জমা-ভাতার নালিশও

দুর্নীতি দমনে রাজ্য সরকারের চালু করা নতুন টোল-ফ্রি হেল্পলাইন পরিষেবা শুরু হতেই ব্যাপক সাড়া মিলল। পরিষেবা চালুর প্রথম দিনেই নবান্নের কন্ট্রোল রুমে প্রায় ২ হাজার অভিযোগ জমা পড়েছে। তবে অভিযোগের পরিধি শুধু কাটমানি, সিন্ডিকেট বা বেআইনি টোল আদায়েই সীমাবদ্ধ থাকেনি। সাধারণ মানুষ বিভিন্ন নাগরিক পরিষেবা, সরকারি প্রকল্প এবং পরিকাঠামোগত সমস্যার কথাও তুলে ধরেছেন।

প্রশাসনিক সূত্রের খবর, হেল্পলাইনে আসা অভিযোগের মধ্যে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের ভাতা সংক্রান্ত সমস্যা, জমি-বাড়ি সংক্রান্ত বিবাদ, বেহাল রাস্তা, নিকাশি ব্যবস্থার ত্রুটি এবং বৃষ্টির জল জমে থাকার মতো একাধিক অভিযোগ। প্রতিটি অভিযোগ নথিভুক্ত করে সংশ্লিষ্ট দফতরের কাছে পাঠানো হচ্ছে, যাতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

সম্প্রতি ভবানীভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চারটি বিশেষ টোল-ফ্রি নম্বর চালু করেন। কাটমানি সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৪, সিন্ডিকেট-সংক্রান্ত অপরাধের জন্য ১৫৫৩৩৫, বেআইনি রোড ট্যাক্স বা টোল আদায়ের অভিযোগের জন্য ১৫৫৩৩৭ এবং বেআইনি মদের কারবারের অভিযোগের জন্য ১৫৫৩৩৯ নম্বর চালু করা হয়েছে।

সরকারি নির্দেশ অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নম্বরগুলিতে অভিযোগ জানানো যাবে। নবান্নে গড়ে তোলা বিশেষ কন্ট্রোল রুমের কার্যক্রম মুখ্যমন্ত্রী নিজেও নিয়মিত পর্যালোচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

মুখ্যসচিব মনোজ আগারওয়াল জানিয়েছেন, হেল্পলাইনে আসা প্রতিটি ফোন রেকর্ড করা হবে এবং ভবিষ্যতে প্রয়োজনে সেই রেকর্ড পুনরুদ্ধারের ব্যবস্থাও থাকবে। অভিযোগের প্রাথমিক শ্রেণিবিন্যাসে কৃত্রিম মেধা (এআই) ব্যবহারের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এরপর পুলিশ ও সংশ্লিষ্ট আধিকারিকরা অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, নিয়মিত ভিত্তিতে কতগুলি অভিযোগ জমা পড়ছে, কতগুলির নিষ্পত্তি হয়েছে এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হবে। পাশাপাশি ভুয়ো অভিযোগ বা ব্যক্তিগত প্রতিহিংসার উদ্দেশ্যে হেল্পলাইন ব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.