আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে সেখানেই চাকরি করার স্বপ্ন দেখা ভারতীয় পড়ুয়াদের জন্য বড় ধাক্কার খবর। মার্কিন প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের জন্য অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (OPT) কর্মসূচিতে প্রায় ১ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯৫ লক্ষ টাকা) পর্যন্ত নতুন ফি চালুর পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
বর্তমানে এফ-১ ভিসাধারী পড়ুয়ারা পড়াশোনা শেষের পর OPT-এর মাধ্যমে নির্দিষ্ট সময় আমেরিকায় কাজ করার সুযোগ পান। এই অভিজ্ঞতার ভিত্তিতেই অনেকেই পরে এইচ-১বি (H-1B) কর্মভিসার জন্য আবেদন করেন। নতুন প্রস্তাব কার্যকর হলে বিদেশি পড়ুয়াদের উপর আর্থিক চাপ অনেকটাই বেড়ে যেতে পারে। তবে এই ফি শিক্ষার্থীরা দেবেন, নাকি নিয়োগকারী সংস্থা বহন করবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এছাড়াও আন্তর্জাতিক শিক্ষার্থীদের থাকার নিয়মেও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সাধারণভাবে সর্বোচ্চ চার বছর থাকার অনুমতি মিলতে পারে। পিএইচডি, গবেষণা বা মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রে অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে আলাদা করে অনুমতি নিতে হবে। যদিও প্রস্তাবগুলি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে এবং সরকারিভাবে চূড়ান্ত অনুমোদন পায়নি।







