দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা শুটিং করতে গিয়েই গুরুতর চোট পেয়েছেন। একটি নাচের দৃশ্যের শুটিং চলাকালীন দুর্ঘটনাবশত পড়ে গিয়ে তাঁর নিতম্বের টেন্ডনে গুরুতর আঘাত লাগে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত অন্তত ৬ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে।
জানা গিয়েছে, একসঙ্গে ‘রানাবলি’ এবং ‘মাইসা’—এই দুই ছবির কাজ করছিলেন রশ্মিকা। তাঁর আকস্মিক চোটের জেরে দুই ছবির শুটিং সূচিই আপাতত অনিশ্চয়তার মুখে পড়েছে। দুর্ঘটনার পর ইউনিটের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, নিতম্বের পেশির টেন্ডনে গুরুতর ক্ষতি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের চোট সাধারণত ক্রীড়াবিদ বা দীর্ঘদিন ধরে কঠোর শারীরিক অনুশীলন করা ব্যক্তিদের ক্ষেত্রে বেশি দেখা যায়। টানা অ্যাকশন দৃশ্য, নাচের রিহার্সাল এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণেই এমন আঘাত লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই ‘মাইসা’ ছবির জন্য জলের নিচে কঠিন অ্যাকশন দৃশ্যে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন রশ্মিকা। কোনও বডি ডাবলের সাহায্য ছাড়াই তিনি নিজেই আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্সের শুটিং করেছিলেন। সেই কঠিন শারীরিক পরিশ্রমের পর এবার এই চোট তাঁর জন্য বড় ধাক্কা হয়ে এল।
চিকিৎসকেরা জানিয়েছেন, শুধু বিশ্রাম নয়, সম্পূর্ণ সুস্থ হয়ে শুটিংয়ে ফিরতে হলে তাঁকে ধাপে ধাপে পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) এবং বিশেষ শারীরিক প্রশিক্ষণের মধ্য দিয়েও যেতে হবে। তবে এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে রশ্মিকা মন্দানা বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।







