রাজনীতিরাজ্য

বিহারে ভোটার যাচাই নিয়ে বিতর্ক, নির্বাচন কমিশনের বিশেষ সমীক্ষা ঘিরে বিরোধীদের প্রশ্ন

নির্বাচন কমিশনের উদ্যোগে বিহারে ভোটার তালিকা যাচাই ও সংশোধনের বিশেষ কর্মসূচি চলছে, যার নাম বিশেষ নিবিড় সমীক্ষা বা Special Intensive Revision (SIR)। এই কর্মসূচির মাধ্যমে কারা প্রকৃত ভোটার এবং কার নাম তালিকায় থাকবে তা নির্ধারণ করা হচ্ছে ১১টি নির্দিষ্ট নথির ভিত্তিতে। তবে এই প্রক্রিয়া ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।

কমিশন জানিয়েছে, ভোটারদের পাশে থাকতে এবং প্রয়োজনীয় কাগজপত্র জোগাড়ে সহায়তা করতে রাজ্যের বিভিন্ন অঞ্চলে স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে। বিশেষ করে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধীদের জন্য এই সহায়তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। এই স্বেচ্ছাসেবকেরা ভোটারদের সঙ্গে যোগাযোগ রেখে সংশ্লিষ্ট দফতর থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহে সহায়তা করবেন।

কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বৈধ ভোটাররা চাইলে ১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে নিজেদের নাম সংশোধন বা তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানাতে পারবেন। একই সময়ে জমা দিতে হবে প্রয়োজনীয় ফর্ম ও প্রমাণপত্র। এই যাচাই-পর্ব শেষ হওয়ার পর ৩০ সেপ্টেম্বর প্রকাশ পাবে বিহারের সংশোধিত ও চূড়ান্ত ভোটার তালিকা।

কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দফার সমীক্ষায় প্রায় ৭ কোটি ২৪ লক্ষ ফর্ম বিতরণ করা হয়েছে, যা মোট ভোটারের প্রায় ৯২ শতাংশ। কমিশন অনুমান করছে, প্রায় ৫৬ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। এর মধ্যে কেউ কেউ স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন, অনেকে আর বিহারে বসবাস করেন না। এমনকী, সাত লক্ষ ভোটারের নাম একাধিক রাজ্যের তালিকায় রয়েছে বলে জানিয়েছে কমিশন।

এই প্রক্রিয়া ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও উদ্দেশ্য নিয়ে। বিষয়টি পৌঁছেছে সুপ্রিম কোর্টেও, যেখানে মামলা এখনও বিচারাধীন। যদিও আদালত এখনও কমিশনের এই উদ্যোগে কোনও স্থগিতাদেশ দেয়নি। জানা যাচ্ছে, বিহারের পর অন্য রাজ্যগুলিতেও এই ধরনের সমীক্ষা চালাতে চায় কমিশন।

পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যের বিরোধী দলগুলিও এই সমীক্ষার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। কংগ্রেস-সহ বিরোধীরা সংসদে এই ইস্যুতে আলোচনা দাবি করেছে এবং সংসদের বাইরে একযোগে বিক্ষোভও দেখিয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকা পর্যালোচনা ও সংশোধনের এই প্রক্রিয়া যে বড়সড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে, তা বলাই বাহুল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.