ক্রাইমজেলা

দিনহাটার প্রভাবশালী তৃণমূল নেতার জামিন খারিজ, বিচারপতির মন্তব্যে চাঞ্চল্য

চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া এবং ধর্ষণের মতো গুরুতর অভিযোগে জড়িত তৃণমূল নেতা আব্দুল মান্নান ওরফে মান্নের জামিনের আবেদন খারিজ করে দিল জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ সারথি চ্যাটার্জী বৃহস্পতিবার মামলার কেস ডায়েরি দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যান।

দিনহাটার বড় আঁটিয়া বাড়ি ২ নম্বর অঞ্চলের এই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, এক মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ করেন তিনি। শুধু তাই নয়, যাকে ‘জ্যেঠু’ বলে সম্বোধন করতেন অভিযোগকারিণী, সেই ‘জ্যেঠু’-ই তাঁর ওপর যৌন নির্যাতন চালিয়েছেন বলে দাবি।

মামলার শুনানিতে নির্যাতিতার পক্ষ থেকে সওয়াল করেন আইনজীবী সায়ন ব্যানার্জী। তিনি আদালতে জানান, অভিযুক্ত মান্নান জেলে থাকা অবস্থাতেও পালানোর চেষ্টা করেন, এবং পুলিশি তৎপরতায় ধরা পড়ে যান। এমনকী নির্যাতিতাকে ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে চেষ্টারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

বিচারপতি চ্যাটার্জী জানান, প্রভাবশালী এই নেতার মুক্তি তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। উল্লেখ্য, আগেই বিচারপতি অমৃতা সিনহা ও বিচারপতি বিশ্বজিৎ বসু নির্যাতিতাকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

সব দিক বিচার করে আদালত অভিযুক্ত আব্দুল মান্নানের জামিনের আবেদন খারিজ করে দেয়। বিচারপতির এই রায়ে আদালত চত্বরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন নির্যাতিতা ও তাঁর পরিবার।

এই ঘটনায় নতুন করে বিতর্কের মুখে পড়ল শাসকদল তৃণমূল, রাজনৈতিক মহলেও উঠেছে নানা প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.