মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ইয়েমেন উপকূলে রকেট হামলার শিকার হল একটি ভারতীয় পণ্যবাহী জাহাজ। হামলার জেরে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত ডুবে যায় এমএসভি ফৈজ়ে নুরে ওলিয়া। তবে স্বস্তির খবর, জাহাজে থাকা ১৪ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করেছে ইয়েমেনের উপকূলরক্ষী বাহিনী। তাঁদের মধ্যে ১৩ জন ভারতীয় নাগরিক।
মঙ্গলবার কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই তথ্য জানিয়ে বলেন, নিরস্ত্র একটি বাণিজ্যিক জাহাজের উপর হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়। তাঁর কথায়, নাবিকদের নিরাপত্তাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে হামলার জন্য কোনও নির্দিষ্ট গোষ্ঠীর নাম তিনি উল্লেখ করেননি।
এদিকে একই দিনে হরমুজ় প্রণালীর কাছেও আরেকটি পণ্যবাহী জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে জাহাজের কর্মীরা জাহাজ ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। যদিও ওই ঘটনার পর এখনও একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হয়েছে।
ভারতীয় জাহাজে হামলার দায় সরকারিভাবে কেউ স্বীকার না করলেও, একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথি এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। সম্প্রতি ইরান-সমর্থিত হুথি বাহিনী লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালী এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করেছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। ফলে এই গুরুত্বপূর্ণ জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এই ঘটনার পর আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ার সংঘাত যে আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক পরিবহণে নতুন ঝুঁকি তৈরি করছে, এই ঘটনাও তারই ইঙ্গিত দিচ্ছে।







