খেলাধুলা

আফগানিস্তানের বিশ্বকাপের টিকিট নিশ্চিত, শেষ জায়গার লড়াইয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

আয়ারল্যান্ডকে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল আফগানিস্তান। আফগানদের এই জয়ের অন্যতম নায়ক রশিদ খান। মাত্র ৩৪ রান খরচ করে ৬টি উইকেট তুলে নেন তিনি। আফগানিস্তানের বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ায় এবার সরাসরি যোগ্যতা অর্জনের শেষ জায়গাটির জন্য লড়াই জমে উঠল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে।

২০২৭ সালের বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নেবে। এর মধ্যে ১০টি দল র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি জায়গা করে নেবে। আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাও ইতিমধ্যেই বিশ্বকাপের ছাড়পত্র পেয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল আফগানিস্তান।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। ফলে দ্বিতীয় ম্যাচে জয় পেলেই বিশ্বকাপের যোগ্যতা নিশ্চিত হয়ে যেত আফগানিস্তানের। সেই সুযোগ হাতছাড়া করেনি তারা।

প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২৯৯ রান সংগ্রহ করে। দলের হয়ে ইব্রাহিম জাদরান করেন ৮৪ রান। জবাবে ২০৭ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ৬ উইকেট শিকার করেন রশিদ খান।

আইসিসির নিয়ম অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রথম দশটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। বর্তমানে আফগানিস্তান রয়েছে র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে। নির্ধারিত সময়ের মধ্যে প্রথম দশের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও নেই তাদের। অন্যদিকে প্রথম দশের বাইরে থাকা জিম্বাবোয়ে আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলবে। ফলে বাকি একটি সরাসরি যোগ্যতার জায়গার জন্য এখন মূল লড়াই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজে ভালো ফল করতে পারলে বিশ্বকাপের পথ অনেকটাই সহজ হয়ে যাবে ক্যারিবিয়ানদের। অন্যদিকে ভারতের বিরুদ্ধে সিরিজ না হলে সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের আর কোনও ওয়ানডে সিরিজ নেই। তাই ওই সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তৎপর হয়ে উঠেছে।

সরাসরি যোগ্যতা অর্জন করতে না পারা দলগুলির মধ্যে চারটি দেশ যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে বিশ্বকাপে জায়গা করে নেবে। উল্লেখযোগ্যভাবে, অন্যতম আয়োজক হওয়া সত্ত্বেও নামিবিয়াকেও সেই যোগ্যতা অর্জন পর্বে খেলতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.