রাজনীতি

হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার ঘটনায় নিন্দায় শমীক , সরব অগ্নিমিত্রাও

হালিশহরে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে কাদা, জল এবং জুতো ছোড়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি শোনা যায় ‘চোর’ এবং ‘ডাকাতরানি’ স্লোগানও। এই ঘটনায় তীব্র বিরক্তি প্রকাশ করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, “এটা বাংলার সংস্কৃতি নয়।” ঘটনার নিন্দা করলেও গত ১৫ বছরে তৃণমূলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ টেনে এনেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, “কম অত্যাচার করেননি।”

শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিরজু কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সূত্রে তিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। এলাকায় তোলাবাজি ও মারামারির অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। পরিবারের বক্তব্য, গ্রেপ্তারের পর তাঁর মেডিক্যাল পরীক্ষাও হয়। সন্ধ্যায় তাঁর স্ত্রী লকআপে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। তখন তিনি সুস্থ ছিলেন বলেই দাবি করেন বিরজুর স্ত্রী।

তবে হালিশহর থানার পুলিশের দাবি, শুক্রবার ভোররাতে লকআপের মধ্যে ওই যুবককে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর তাঁকে কল্যাণীর জহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

রবিবার দুপুরে নিহত তৃণমূল কর্মী বিরজু কুমারের পরিবারের সঙ্গে দেখা করতে হালিশহরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন এবং উপাসনা চৌধুরী। সেখানে পৌঁছতেই প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। মমতার গাড়ি লক্ষ্য করে জল ও কাদা ছোড়া হয়। ছোড়া হয় জুতোটিও। ওঠে ‘চোর’ এবং ‘ডাকাতরানি’ স্লোগান।

তবে বিক্ষোভ উপেক্ষা করেই নিহত বিরজুর স্ত্রীর সঙ্গে দেখা করেন মমতা। গোটা ঘটনার তীব্র নিন্দা করেন তিনি।

মমতাকে লক্ষ্য করে এই ধরনের বিক্ষোভের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, “এটা করা যায় না। এটা বাংলার রীতি নয়।” একইসঙ্গে এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলেও দাবি করেছেন তিনি।

অন্যদিকে, অগ্নিমিত্রা পাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বহু ভুল হয়েছে এবং নারীদের সম্মান রক্ষা থেকে শুরু করে সাধারণ মানুষের উপর অত্যাচার—বিভিন্ন বিষয়েই তাঁর সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এমনকী অভয়ার মৃত্যুর ঘটনাতেও সঠিক বিচার দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। তবে তাঁর বক্তব্য, “তাই বলে তাঁর গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া, ‘চোর’ স্লোগান দেওয়া বা জুতো ছোড়া কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.