জমি দুর্নীতি মামলায় দেশের সর্বোচ্চ আদালতের রায়ে সাময়িক স্বস্তি পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। এবার নতুন চারটি মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সোমবার মামলাটির দ্রুত শুনানির আর্জি জানিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন সুমিতের আইনজীবী। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।
দীর্ঘদিন ধরেই সুমিতকে ঘিরে চলছিল কার্যত ‘চোর-পুলিশের খেলা’। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এমনকি তাঁর বাড়িতে গিয়েও নোটিস দিয়ে এসেছিল পুলিশ। বেশ কয়েকদিন অন্তরালে থাকার পর অবশেষে শনিবার সিআইডি দপ্তরে হাজিরা দেন অভিষেকের আপ্তসহায়ক। পরদিন রবিবারও তাঁকে দেখা যায় সিআইডি দপ্তরে। সোমবারও তদন্তকারী সংস্থার তরফে তাঁকে ডেকে পাঠানো হয়। অর্থাৎ দীর্ঘদিন গা-ঢাকা দেওয়ার পর টানা তিন দিন সিআইডির কাছে হাজিরা দিলেন সুমিত রায়।
এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার গ্রেপ্তার হতে পারেন তিনি? সেই আশঙ্কাতেই নতুন চার মামলায় রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত। সোমবার তাঁর আইনজীবী আদালতে জানান, গত ৭ আগস্ট রক্ষাকবচ সংক্রান্ত মামলাটির শুনানি হয়নি। তাই দ্রুত যাতে মামলাটির শুনানি হয়, সেই আবেদন জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সুমিতের আইনজীবীর বক্তব্য, “আমার মক্কেল তদন্তে টানা সহযোগিতা করে চলেছেন। এই অবস্থায় নতুন মামলায় তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হোক।”
উল্লেখ্য, দীর্ঘদিন সুমিতের কোনও খোঁজ না পাওয়ায় মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এরপর আইনজীবীর মাধ্যমে আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেন সুমিত। কিন্তু হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। এরপর দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। সেখানে সাময়িক স্বস্তি পেলেও গ্রেপ্তারির সম্ভাবনা যে এখনও রয়েছে, তা বুঝেই নতুন মামলাগুলিতে রক্ষাকবচ পেতে তৎপর হয়েছেন অভিষেকের আপ্তসহায়ক।






