নদিয়ার হাঁসখালির সেই শিউরে ওঠা গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে বিচারের পথে এক বড় ধাপ পার হলো। সোমবার রানাঘাট আদালত এই নৃশংস অপরাধে জড়িত ৯ জনকেই দোষী সাব্যস্ত করেছে। ২০২২ সালের সেই কালো অধ্যায়ের প্রায় তিন বছর পর আদালত এই রায় দিল। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিচারক ঘোষণা করবেন এই অপরাধীদের ঠিক কী সাজা হতে চলেছে।
পুরো ঘটনাটি ছিল বিভীষিকাময়। ১৪ বছরের এক কিশোরীকে জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে পৈশাচিক লালসার শিকার বানিয়েছিল এলাকারই কিছু প্রভাবশালী পরিবারের সন্তান ও তাদের সঙ্গীরা। নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটির মৃত্যু হয়। এরপর অপরাধ ঢাকতে পুলিশ বা প্রশাসনকে না জানিয়েই তড়িঘড়ি শ্মশানে নিয়ে গিয়ে কিশোরীর দেহ পুড়িয়ে দেয় তারা। এমনকি ডেথ সার্টিফিকেট জোগাড় করারও প্রয়োজন মনে করেনি কেউ। এই ঘটনার পর গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছিল। প্রথমে রাজ্য পুলিশ তদন্ত করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এই মামলার দায়িত্ব নেয়।
সিবিআই তদন্তে উঠে আসা একের পর এক চাঞ্চল্যকর তথ্য ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই আদালত আজ এই রায় শুনিয়েছে। মূল অভিযুক্ত সোহেল গয়ালি সহ বাকি আটজনের বিরুদ্ধে গণধর্ষণ, তথ্যপ্রমাণ লোপাট, হুমকি এবং পকসো (POCSO) আইনের একাধিক ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযুক্তদের তালিকায় সোহেল ছাড়াও রয়েছে প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিক, সুরজিৎ রায় এবং আকাশ বারুইয়ের মতো নাম। মেয়ের বিচার পাওয়ার আশায় চাতকের মতো বসে আছে নির্যাতিতার পরিবার। তাঁদের কথায়, অপরাধীদের যে নিষ্ঠুরতা তাঁরা সহ্য করেছেন, তার একটাই উপযুক্ত বদলা হতে পারে ফাঁসি। মঙ্গলবার সাজা ঘোষণার দিকে এখন শুধু নদিয়াই নয়, তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ। জনমানসে একটাই প্রশ্ন, আদালত এই চরম অপরাধের ক্ষেত্রে কতটা কড়া পদক্ষেপ নেয়।







