৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে সোমবার কলকাতায় এসে পৌঁছল খালিদ জামিলের ভারতীয় দল। সদ্য বিশ্বকাপ খেলে আসা পানামার বিরুদ্ধে ড্র করার পর এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হওয়ার প্রস্তুতি শুরু করেছে ভারত। স্বাভাবিকভাবেই দেশের ফুটবলের অন্যতম বড় ম্যাচকে ঘিরে কলকাতায় তৈরি হয়েছে উন্মাদনা। আনোয়ার আলি ও রায়ান উইলিয়ামসের দলে যোগ দেওয়ায় সেই উত্তেজনা আরও বেড়েছে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ কলকাতায় পৌঁছয় ভারতীয় ফুটবল দল। রায়ান উইলিয়ামসদের থাকার ব্যবস্থা করা হয়েছে রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে।
গত শুক্রবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে খেলেছিল ভারত। ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। প্রথমার্ধে রায়ান উইলিয়ামসের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ভারত। শেষ পর্যন্ত জয় না এলেও পানামার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে দলের পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে খালিদ জামিলের দল।
ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে কলকাতায় আসছে ব্রাজিলের একাধিক তারকা ফুটবলার। সম্ভাব্য দলে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এনড্রিক, এস্তেভাও, ব্রুনো গুইমারেজ এবং মার্কুইনোসের মতো পরিচিত মুখ। ফলে ম্যাচটি ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
কলকাতায় পৌঁছনোর পর এখন ভারতীয় দলের যাবতীয় মনোযোগ ব্রাজিল ম্যাচকে ঘিরে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পানামার বিরুদ্ধে পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাস মিলেছে। এবার কলকাতার সমর্থকদের সামনে নিজেদের সেরাটা তুলে ধরাই দলের প্রধান লক্ষ্য।
এই ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে ঘিরে আয়োজকদের প্রস্তুতিও তুঙ্গে। সিরিজের প্রিন্সিপাল পার্টনার হিসেবে রয়েছে ‘স্টাইল বাজার, পাওয়ার্ড বাই আমুল’। আয়োজকদের দাবি, আমেরিকা বিশ্বকাপে স্পেন ও আর্জেন্টিনার সঙ্গে যে ফুটবল-সম্পর্ক তৈরি হয়েছিল, তার ধারাবাহিকতাই এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য।
এদিকে ‘ভারত ট্যাক্সি’-কে করা হয়েছে অফিসিয়াল মোবিলিটি পার্টনার। দুই সংস্থার লক্ষ্যই দেশে ফুটবলের জনপ্রিয়তা ও বিস্তার আরও বাড়ানো।
ব্রাজিল ম্যাচের আগে নতুন সাজে সেজে উঠছে যুবভারতীও। স্টেডিয়ামের দেওয়ালে ইতিমধ্যেই পড়েছে নতুন রঙের প্রলেপ। প্রথমবার গ্যালারির প্রতিটি আসনে নির্দিষ্ট নম্বর দেওয়া হয়েছে। ফলে এবার দর্শকরা শুধু জোন অনুযায়ী নয়, নিজেদের পছন্দের নির্দিষ্ট আসনের টিকিট কাটতে পারবেন। দর্শকদের অভিজ্ঞতা আরও উন্নত করতে র্যাম্প ও শৌচাগারগুলিও নতুন করে সাজানো হয়েছে। গ্যালারির লবিতে থাকছে খাবারের স্টল।
স্টেডিয়ামজুড়ে গেরুয়া ও হলুদ রঙের ছোঁয়া দেখা যাচ্ছে। পাশাপাশি যুবভারতীর মাঠের ঘাসেরও বিশেষ পরিচর্যা চলছে। সেই কাজের উপর নজর রাখছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্তারা। আপাতত জানা যাচ্ছে, ১ অক্টোবর কলকাতায় আসতে পারে ব্রাজিল দল। বাইপাসের ধারে আইটিসি রয়্যালেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।







