পুলিশের গাড়িকে লক্ষ্য করে আচমকা হামলা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক জেলার ওয়াজিরাবাদ এলাকায় ট্রাফিক পুলিশের একটি গাড়িতে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে। হামলায় তিন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই স্থানীয় বাসিন্দা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কর্তব্যরত ট্রাফিক পুলিশের গাড়িটিকে লক্ষ্য করে সশস্ত্র হামলাকারীরা গুলি চালায়। হামলায় তিন পুলিশকর্মী গুরুতর জখম হন। পরে হাসপাতালে তাঁদের মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে গুল আমিন ও সেলিম শাহ কোরেশি নামে দু’জনের পরিচয় জানা গিয়েছে। তৃতীয় পুলিশকর্মীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
হামলার পর পুলিশের গাড়ি এবং তাতে থাকা অস্ত্র নিয়ে হামলাকারীরা পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলে থাকা আরও দুই স্থানীয় বাসিন্দা গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর ওয়াজিরাবাদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কেন এই হামলা এবং কারা এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। কর্তব্যরত অবস্থায় তিন পুলিশকর্মীর মৃত্যুতে শোক জানিয়ে হামলার নিন্দা করেছেন তিনি।







