কলকাতা

শৌচাগারের দরজা ভেঙে উদ্ধার নার্সের দেহ, NRS হাসপাতালে রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক স্টাফ নার্সের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের গাইনি বিল্ডিংয়ের অ্যান্টিন্যাটাল ওয়ার্ডের স্টাফ টয়লেট থেকে উদ্ধার হয়েছে নার্স রূপালি বর্মনের দেহ। দীর্ঘক্ষণ সাড়া না মেলায় শেষ পর্যন্ত শৌচাগারের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রে খবর, রূপালি সম্প্রতি এনআরএস হাসপাতালে বদলি হয়ে কাজে যোগ দিয়েছিলেন। এর আগে এই হাসপাতাল থেকেই তিনি নার্সিংয়ে এমএসসি করেছিলেন। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরে। প্রায় এক বছর আগে তাঁর বিয়ে হয়েছিল বলেও জানা গিয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অ্যানাস্থেসিয়ার একটি ইনজেকশন নিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন ওই নার্স। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত জীবনের কোনও টানাপোড়েন, বিশেষ করে প্রেমঘটিত কোনও বিষয় এর নেপথ্যে ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থল থেকে কী কী সামগ্রী উদ্ধার হয়েছে এবং মৃত্যুর আগে রূপালি কারও সঙ্গে যোগাযোগ করেছিলেন কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে।

হাসপাতালের মতো কর্মব্যস্ত জায়গায় এক নার্সের এমন মৃত্যু ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠেছে। কী কারণে এই চরম সিদ্ধান্ত, নাকি ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে—তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.