খেলাধুলা

কমনওয়েলথে সোনা জয়, অস্মিতাকে ১০ লক্ষের চেকের পাশাপাশি বাড়ির জমি দিল ত্রিপুরা সরকার

আগেই ঘোষণা করা হয়েছিল, কমনওয়েলথ গেমসে জুডোয় সোনা জয়ী অস্মিতা দে-কে বাড়ি তৈরির জন্য জমি দেবে ত্রিপুরা সরকার। সেই প্রতিশ্রুতিই এবার পূরণ করল রাজ্য। বুধবার গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনাজয়ী এই জুডোকাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে ১০ লক্ষ টাকার চেক। পাশাপাশি আগরতলায় বাড়ি নির্মাণের জন্য জমিও দেওয়া হয়েছে তাঁকে।

গ্লাসগোতে মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে কানাডার হেইডি কোয়াচকে ‘গোল্ডেন স্কোর’-এ পরাজিত করে সোনা জিতেছিলেন ত্রিপুরার অস্মিতা। প্রতিযোগিতার শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় ছিনিয়ে নেন তিনি। তাঁর এই ঐতিহাসিক সাফল্যের পরই রাজ্য সরকারের তরফে বিশেষ সম্মানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। অস্মিতার লড়াইয়ের কথা তুলে ধরে তিনি বলেন, দক্ষিণ ত্রিপুরার প্রত্যন্ত গ্রামের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে গ্লাসগোয় পদক জয় করা সহজ ছিল না। অস্মিতার বাবা ছিলেন সাইকেল মেকানিক। নানা প্রতিকূলতার মধ্যেও লক্ষ্য থেকে সরে না গিয়ে কঠোর পরিশ্রম করেছেন তিনি। তাঁর সাফল্যে দেশের পাশাপাশি গর্বিত ত্রিপুরাও।

মুখ্যমন্ত্রী জানান, আগরতলায় নিজের একটি বাড়ি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন অস্মিতা। সেই ইচ্ছাকেই সম্মান জানিয়ে বুধবার তাঁকে বাড়ি তৈরির জন্য জমি দেওয়া হয়েছে। তাঁর এই সাফল্য রাজ্যের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তবে এশিয়ান গেমসের আগে অস্মিতাকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে খাবারের বিষয়ে তাঁকে সচেতন থাকতে বলেছেন তিনি। কারণ এশিয়ান গেমসে অংশ নেওয়ার আগে কঠোর ডোপ পরীক্ষা দিতে হবে তাঁকে। কমনওয়েলথের মতো এশিয়ান গেমসেও অস্মিতা দেশের মুখ উজ্জ্বল করবেন বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, আগরতলার মেয়র দীপক মজুমদার এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত জিমন্যাস্ট দীপা কর্মকার। বর্তমানে বেনারসে থাকেন অস্মিতা এবং উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত তিনি। গত বছরের ডিসেম্বরে বাবাকে হারিয়েছেন। পরিবারে রয়েছেন মা ও তিন ভাইবোন। নিজের জন্মভূমির প্রতি অস্মিতার টান এবং দেশের হয়ে তাঁর সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি ত্রিপুরাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.