বিশ্ব

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে কড়া বার্তা জয়শঙ্করের, ‘সন্ত্রাসবাদের সঙ্গে বন্ধুত্ব ও সদিচ্ছা চলতে পারে না’

রাষ্ট্রপুঞ্জের মঞ্চ থেকে ফের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিল ভারত। শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৮১তম অধিবেশনে ভারতের জাতীয় বক্তব্য পেশ করতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনওরকম আপসের প্রশ্নই নেই। সন্ত্রাসবাদে মদত দেওয়া সরকারগুলিকেও জবাবদিহির আওতায় আনার পক্ষে সওয়াল করেন তিনি।
জয়শঙ্করের বক্তব্যে উঠে আসে সন্ত্রাসবাদের আর্থিক নেটওয়ার্ক ভেঙে দেওয়ার প্রসঙ্গও। তাঁর কথায়, রাষ্ট্রীয় মদতে সীমান্তপারের সন্ত্রাস আন্তর্জাতিক ব্যবস্থার জন্য সরাসরি হুমকি। তাই সন্ত্রাসবাদে অর্থ জোগানের উৎস চিহ্নিত করে তা বন্ধ করার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারগুলির বিরুদ্ধেও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স’ নীতিতে কোনও শিথিলতা থাকবে না বলেও জানান তিনি।
নাম না করেই পাকিস্তানকে বার্তা
পাকিস্তানের নাম সরাসরি না নিলেও জয়শঙ্করের বক্তব্যে প্রতিবেশী দেশটির প্রসঙ্গ স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেন, একজন ‘ধারাবাহিক সন্ত্রাসচর্চাকারী’ রাষ্ট্রপুঞ্জের মঞ্চে তথ্য বিকৃত করে সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে এবং তার পরিণতি থেকে দায়মুক্তি চেয়েছে। ভারত সেই অবস্থান মেনে নেবে না।
জয়শঙ্কর আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে এবং সেই অধিকার প্রয়োগ করা হবে। তাঁর স্পষ্ট বার্তা, “সন্ত্রাসবাদের সঙ্গে বন্ধুত্ব ও সদিচ্ছা একসঙ্গে চলতে পারে না।” সন্ত্রাসবাদের পথ বেছে নেওয়া পক্ষকেই নিজেদের আচরণ বদলাতে হবে।
জয়শঙ্করের এই বক্তব্য ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের আবহে নতুন করে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.