কলকাতা

১৫ অগাস্ট কলকাতায় যান চলাচলে বড় বদল, রাত থেকেই বন্ধ একাধিক রাস্তা! কোন পথে যাবেন?

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য ফের বদলে যাচ্ছে কলকাতার ট্র্যাফিক ব্যবস্থা। ১৫ অগাস্ট রেড রোডে মূল অনুষ্ঠান ও কুচকাওয়াজকে কেন্দ্র করে মধ্য কলকাতা, ময়দান এবং সংলগ্ন এলাকায় একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিস। ১৪ অগাস্ট রাত থেকেই শুরু হবে এই বিধিনিষেধ, যা ১৫ অগাস্ট দুপুর পর্যন্ত চলতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন রেড রোডে। ১৪ অগাস্ট রাত ১০টা থেকে ১৫ অগাস্ট দুপুর ১২টা পর্যন্ত, অথবা কুচকাওয়াজ শেষ না হওয়া পর্যন্ত, এই রাস্তায় সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

এছাড়া ১৫ অগাস্ট সকাল ৮টা থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত মেয়ো রোডে সাধারণ গাড়ি চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র অনুমতিপ্রাপ্ত বা বিশেষ পাস থাকা গাড়ি চলতে পারবে।

সকাল ৬টা থেকে খিদিরপুর রোড, ডাফরিন রোড, আউটরাম রোড, কুইন্স ওয়ে এবং এসপ্ল্যানেড র‍্যাম্পে যান চলাচল বন্ধ বা প্রয়োজন অনুযায়ী ঘুরিয়ে দেওয়া হবে।

পণ্যবাহী গাড়িতেও কড়া নিষেধাজ্ঞা

১৫ অগাস্ট সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে। এর মধ্যে রয়েছে স্ট্র্যান্ড রোড, সিআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড এবং সেন্ট জর্জেস গেট রোড।

পার্কিংয়েও কড়া নিয়ম

অনুষ্ঠান চলাকালীন চৌরঙ্গী রোড, জওহরলাল নেহরু রোড, মেয়ো রোড এবং গভর্নমেন্ট প্লেস ওয়েস্টের একাধিক অংশে গাড়ি পার্ক করা যাবে না। ফলে ওই এলাকায় ব্যক্তিগত গাড়ি নিয়ে গেলে আগে থেকেই বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

মেট্রোতেও বদল পরিষেবায়

স্বাধীনতা দিবস সরকারি ছুটি হওয়ায় মেট্রো পরিষেবাতেও থাকবে পরিবর্তন। ব্লু লাইনে কর্মদিবসের তুলনায় কম সংখ্যক ট্রেন চলবে—মোট ১৯৪টি পরিষেবা চালানোর পরিকল্পনা রয়েছে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়ে পরিবর্তন থাকছে না।

গ্রিন লাইনেও ট্রেনের সংখ্যা কমবে। অন্যদিকে অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা ১৫ অগাস্ট বন্ধ থাকবে।

তাই স্বাধীনতা দিবসে কলকাতার মধ্য ও দক্ষিণ-মধ্য অংশে যাতায়াতের পরিকল্পনা থাকলে রওনা হওয়ার আগে ট্র্যাফিক পরিস্থিতি দেখে নেওয়াই ভালো। বিশেষ করে রেড রোড, ময়দান ও এসপ্ল্যানেড সংলগ্ন এলাকায় গাড়ি নিয়ে ঢোকার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.