সিন্ধুর জল নিয়ে ভারত-পাকিস্তান সংঘাতের উত্তাপ ফের বাড়ল। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেই সিদ্ধান্তের পর থেকেই নয়াদিল্লির বিরুদ্ধে একের পর এক হুঁশিয়ারি দিয়ে চলেছে ইসলামাবাদ। এবার সরাসরি ভারতের উদ্দেশে কড়া বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
ইসলামাবাদে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহবাজ দাবি করেন, পাকিস্তানের জলের অধিকার নিয়ে কোনও রকম হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তাঁর কথায়, পাকিস্তানের জলের ‘প্রত্যেকটি ফোঁটা’ই একটি ‘লক্ষণ রেখা’। সেই সীমা অতিক্রম করলে পাকিস্তান নাকি কঠোর জবাব দিতে বাধ্য হবে।
শুধু জল নয়, পাকিস্তানের সার্বভৌমত্ব নিয়েও ভারতের বিরুদ্ধে সরব হন পাক প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ইসলামাবাদ শান্তি চায় এবং বিশ্বশান্তির পক্ষে কাজ করে। তবে সেই শান্তির নীতিকে যেন দুর্বলতা হিসেবে না দেখা হয়। দেশের সার্বভৌমত্ব বা জলসম্পদের অধিকারে আঘাত এলে পাকিস্তান পাল্টা ব্যবস্থা নিতে পিছপা হবে না বলেও বার্তা দেন তিনি।
ভারতের বিরুদ্ধে সিন্ধু জলচুক্তি ‘একতরফা ও বেআইনিভাবে’ স্থগিত করার অভিযোগও তোলেন শাহবাজ। দিল্লিকে ‘শান্তির শত্রু’ বলেও আক্রমণ করেন তিনি।
এর আগে পাকিস্তানের একাধিক মন্ত্রীও একই সুরে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিকের মন্তব্য ঘিরে বিশেষ করে বিতর্ক তৈরি হয়। তিনি অভিযোগ করেন, ভারত পাকিস্তানের প্রাপ্য জল আটকে দেওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে দু’দেশের মধ্যে জলবণ্টনকে কেন্দ্র করে কূটনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে, ভারতীয় অবস্থানও স্পষ্ট—সন্ত্রাসবাদ এবং সীমান্তপারের হামলার প্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের প্রশ্নই নেই। ফলে সিন্ধুর জল এখন শুধু দুই দেশের নদী-সম্পর্কিত বিষয় নয়, ভারত-পাকিস্তান সংঘাতের অন্যতম বড় কূটনৈতিক অস্ত্র হয়ে উঠেছে।







