আসন্ন ১৮ জুলাই বেঙ্গালুরুতে মিলিত হতে চলেছে বিজেপি বিরোধী দলগুলি। এবারের বৈঠকে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়েছে। মোট ২৪টি দল বেঙ্গালুরুর বিরোধী বৈঠকে যোগ দিতে পারে, এমনটাই সূত্রের খবর। এহেন আবহে বিরোধীদের মধ্যে জোটবদ্ধতা বাড়াতে ১৭ জুলাই একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে বেঙ্গালুরুতেই।
অপরদিকে তৃণমূল সূত্রে খবর, সেই নৈশভোজে খুব সম্ভবত যোগ দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ১৮ তারিখের বৈঠকে অংশগ্রহণ করছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে সেই বৈঠকে হাজির থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।
প্রসঙ্গত উল্লেখ্য, মমতার পরবর্তীতে তৃণমূলের হাল কে ধরতে পারেন, সেই প্রসঙ্গে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের মতো নেতাদের নাম তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়া, অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই কারণে এখন থেকেই জাতীয় রাজনীতিতে অভিষেককে তুলে ধরার চেষ্টা করছেন তৃণমূলনেত্রী, এমনই মত বিশেষজ্ঞ মহলের।
একুশের জুলাই মাসে শেষ বার দিল্লিতে এসে মমতা দশ জনপথে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন। রাহুল গান্ধীও ছিলেন সেই বৈঠকে। তারপর থেকেই কংগ্রেস সম্পর্কে তৃণমূল শীর্ষনেতৃত্বের ‘অ্যালার্জি’ দেখা দেয়। মমতা পরবর্তীতে দিল্লিতে এলেও সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ করেননি।







