ক্রিকেট শুধু মাঠের খেলা নয়, তার বাইরের চরিত্রও প্রশ্নের মুখে পড়ে আজকাল। এমনই এক লজ্জাজনক ঘটনায় জড়িয়ে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের এক ক্রিকেটার। অন্তত ১১ জন মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ এনেছেন। তবুও তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন নির্বিঘ্নে। বিষয়টি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট মহল যেমন নীরব, তেমনই প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে বড় প্রশ্ন।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ৩ মার্চ। গায়ানার বাসিন্দা ১৮ বছরের এক তরুণী অভিযোগ করেছেন, বার্বিসের নিউ আমস্টারডামে এক বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে যৌন নিগ্রহ করেন ওই ক্রিকেটার। তরুণীর সঙ্গে অভিযুক্তের পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ প্রশ্নবিদ্ধ আচরণ করে বলে অভিযোগ। তরুণী সংজ্ঞা হারিয়ে হাসপাতালে ভর্তি হন।
একের পর এক মহিলা এখন সেই তরুণীর পাশে দাঁড়িয়েছেন। তাঁদের দাবি, একই রকম অভিজ্ঞতা তাঁদেরও হয়েছে। পুলিশের কাছে তথ্য-প্রমাণসহ অভিযোগ জানালেও কোনও কার্যকর পদক্ষেপ হয়নি। বরং সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
গায়ানার সংবাদমাধ্যম ‘কায়েতুর নিউজ়’-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে রয়েছেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলেও জায়গা পেয়েছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও মুখ খোলেননি দেশটির প্রশাসনের কোনও শীর্ষ কর্তা।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো অবশ্য দাবি করেছেন, তাঁদের কাছে এমন কোনও অভিযোগ আগে আসেনি। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে—তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও কেন চুপ প্রশাসন? প্রভাবশালীদের আড়ালে কি এবারও চাপা পড়বে একাধিক মহিলার আর্তি।







