নেপালে সাম্প্রদায়িক অশান্তির ঘটনায় কি পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর কোনও যোগ রয়েছে? ভারতের বিহার সীমান্ত লাগোয়া এবং ভারত-নেপালের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াত পথ হিসেবে পরিচিত সুনসারি জেলার কাপ্তানগঞ্জে গত ২৬ জুলাই থেকে গোষ্ঠী সংঘর্ষের সূত্রপাত হয়। ধর্মীয় অনুষ্ঠান, লাউডস্পিকার এবং পতাকা ব্যবহারকে কেন্দ্র করে প্রথমে বিবাদ এবং পরে তা সংঘর্ষের আকার নেয়।
ঘটনার তদন্তে নামে নেপালের ন্যাশনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (এনআইডি)। সংবাদ সংস্থা সূত্রে খবর, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির পিছনে বিদেশি অর্থ এবং কোনও বিদেশি গোয়েন্দা সংস্থার ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তান, তুরস্ক এবং কাতার থেকে কোনও নেটওয়ার্কের মাধ্যমে নেপালে অর্থ পৌঁছেছিল কি না, সেই বিষয়েও তদন্ত চলছে বলে জানা গিয়েছে।
তদন্তকারীদের নজরে রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ধর্মপ্রচারক মোহাম্মদ ইলিয়াস ঘুমান। অশান্তি ছড়ানোর আগে তিনি দেওয়ানগঞ্জের একটি মসজিদে ছিলেন বলে জানা গিয়েছে। কাঠমান্ডুর ইমাম মুফতি আবু বকর কাসমির সঙ্গে নেপালের বিভিন্ন এলাকায় তাঁর যাতায়াতের তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে। নেপালের ইসলাম ধর্মপ্রচারকদের সঙ্গে তাঁদের বৈঠকের সঙ্গে পরবর্তীকালের অশান্তির কোনও সম্পর্ক ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এনআইডির তদন্তে আরও উঠে এসেছে নয় বাংলাদেশি ধর্মীয় প্রচারকের প্রসঙ্গ। ২০ জুলাই কুয়ালালামপুর হয়ে ঢাকা থেকে কাঠমান্ডুতে পৌঁছন ওই নয়জন। ৩০ দিনের পর্যটক ভিসায় নেপালে ঢোকার পর তাঁরা ভারত-সংলগ্ন বিভিন্ন জেলায় ঘোরাফেরা করেন বলে জানা গিয়েছে। তাঁদের গতিবিধিও তদন্তের আওতায় রয়েছে। পাশাপাশি দক্ষিণ নেপালের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসাকে কেন্দ্র করে গড়ে ওঠা নেটওয়ার্ক, বিদেশি অর্থের লেনদেন এবং সীমান্ত পারাপারের বিষয়েও নজরদারি চালানো হচ্ছে।
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রক এনআইডির দেওয়া প্রাথমিক রিপোর্টের একটি অংশ উল্লেখ করে সংবাদ সংস্থাকে জানিয়েছে, ভারতের সঙ্গে নেপালের ১ হাজার ৭৫১ কিলোমিটার দীর্ঘ উন্মুক্ত সীমান্তকে নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্বেগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সীমান্তবর্তী ধর্মীয় প্রতিষ্ঠানগুলির কার্যকলাপও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
উল্লেখ্য, শ্রাবণ মাসের তীর্থযাত্রা শুরুর আগের রাতে একটি মাদ্রাসার কাছে শিবভক্ত তীর্থযাত্রীদের উপর হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করেই ২৬ জুলাই কাপ্তানগঞ্জে বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত হয়। তদন্তে নেপালের স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মী নাসিম আনসারির নামও সামনে এসেছে। অভিযোগ, সংঘর্ষের আগে তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন।
এনআইডি ‘ঘুমান’ নামে আরও এক ব্যক্তির সন্ধান পেয়েছে বলে খবর। তাঁকে নিষিদ্ধ সংগঠন তাবলিগ জামাতের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে হরকত-উল-মুজাহিদিন, হরকত-উল-আনসার এবং হিজবুল মুজাহিদিনের মতো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কি না, সেই অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। বিরাটনগর, রাউতাহাট, নেপালগঞ্জ এবং কপিলবস্তু এলাকায় তাঁর যাতায়াতের তথ্যও তদন্তকারীদের নজরে রয়েছে।
এই পরিস্থিতিতে নেপালের মাটিকে ভারত-বিরোধী কার্যকলাপের ঘাঁটি হিসেবে ব্যবহার করার পুরনো আশঙ্কা ফের সামনে এসেছে। গোয়েন্দা সূত্রের দাবি, ১৯৯০-এর দশক এবং ২০০০ সালের শুরুর দিকে নেপালে আইএসআইয়ের তৎপরতা ছিল উল্লেখযোগ্য। ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান অপহরণের ঘটনাও ভারত-বিরোধী কার্যকলাপে নেপালের ভূখণ্ড ব্যবহারের বিষয়টি সামনে এনেছিল।
ভারতীয় তদন্তকারী সংস্থাগুলিও সাম্প্রতিক কয়েকটি ঘটনায় নেপাল-ভিত্তিক নেটওয়ার্কের সম্ভাব্য যোগসূত্রের কথা জানিয়েছে। ২০২৫ সালে আইএসআইয়ের সঙ্গে সিম কার্ড সরবরাহ চক্রে যুক্ত থাকার সন্দেহে দিল্লিতে নেপালি নাগরিক প্রভাত কুমার চৌরাসিয়াকে গ্রেফতার করা হয়েছিল। পাশাপাশি স্পর্শকাতর সামরিক নথি-সহ আনসারুল মিঁয়া আনসারির গ্রেফতার এবং আইএসআই-র অস্ত্র পাচার চক্রের সঙ্গে যোগ থাকার সন্দেহে নেপালে শেখ সেলিমকে আটক করার ঘটনাও তদন্তকারীদের নজরে রয়েছে।
তবে কাপ্তানগঞ্জের সাম্প্রতিক অশান্তির পিছনে আইএসআই বা অন্য কোনও বিদেশি সংগঠনের সরাসরি ভূমিকা ছিল কি না, তা এখনও তদন্তাধীন। বিদেশি অর্থ, ধর্মীয় প্রচারক এবং সীমান্তপারের নেটওয়ার্কের মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেই প্রশ্নের নিশ্চিত উত্তর মিলছে না।







