রাজ্যে উৎসবের ছুটির তালিকায় নতুন সংযোজন। মনসা পুজো উপলক্ষে এবার বিশেষ ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। তবে গোটা রাজ্য নয়, নির্দিষ্ট দুই জেলার সরকারি দফতরেই মিলবে এই ছুটি।
আগামী ১৮ অগস্ট, মঙ্গলবার মনসা পুজো। বাংলার বহু পরিবারে এই দিনটি ধর্মীয় রীতি ও লোকাচারের সঙ্গে জড়িত। বিষয়টি মাথায় রেখে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় দুপুর ২টো থেকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
সরকারি নির্দেশ অনুযায়ী, ওই দিন দুপুর ২টোর পর দুই জেলার সমস্ত রাজ্য সরকারি দফতর বন্ধ থাকবে। ছুটির আওতায় থাকছে সরকারি অফিসের পাশাপাশি স্থানীয় সংস্থা, স্ট্যাটুটরি বডি, বিভিন্ন বোর্ড ও কর্পোরেশন। সরকারি নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানও এই নির্দেশের আওতাভুক্ত।
অর্থাৎ, সম্পূর্ণ দিনের ছুটি নয়—দুপুরের পর থেকে মিলবে অর্ধদিবসের ছুটি। দুই জেলার বহু মানুষের কাছে মনসা পুজো গুরুত্বপূর্ণ উৎসব হওয়ায় এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এর আগে বিভিন্ন সরকারের আমলে দুর্গাপুজো-সহ নানা বড় উৎসবে দীর্ঘ ছুটি দেওয়ার পাশাপাশি বিভিন্ন জেলার নিজস্ব আঞ্চলিক উৎসবকেও ছুটির তালিকায় গুরুত্ব দেওয়া হয়েছে। এবার সেই ধারাতেই মনসা পুজোকে কেন্দ্র করে বাঁকুড়া ও পুরুলিয়ার জন্য বিশেষ ছুটির ঘোষণা করা হল।
তবে এই ছুটি শুধুমাত্র বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ক্ষেত্রে প্রযোজ্য। রাজ্যের অন্য জেলাগুলিতে ১৮ অগস্ট মনসা পুজো উপলক্ষে এই বিশেষ সরকারি ছুটি থাকছে না।







